পুঁজিবাজারে মূল্য সংশোধন
টানা চার দিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ সোমবার পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। আজ দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম কমায় সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।টানা চার দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজকের মূল্য সংশোধন স্বাভাবিকভাবেই দেখছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, ওঠা-নামা বাজারের ধর্ম। বাজার কখনো উঠবে, আবার কখনো নামবে—এটাই স্বাভাবিক নিয়ম।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক ১৪.১৪ পয়েন্ট কমে ৬৬৯৬.৩৯ পয়েন্টে দাঁড়ায়। আজ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ৪৭ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার হার কমতে থাকে। ২০ মিনিটের দিকে সূচক বাড়ে ১৮ পয়েন্ট। তবে প্রথম ঘণ্টার পর থেকে সূচক বাড়ার হার দ্রুত কমতে থাকে যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে ২৩টির দাম কমেছে। এ ছাড়া অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১১টির, প্রকৌশল খাতের ২৩টির মধ্যে ১৪টির, খাদ্য খাতের ১৫টির মধ্যে ১১টির ও মিউচুয়াল ফান্ড খাতের ৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭ দাম কমেছে। তবে বিমা, ওষুধ ও বস্ত্র খাতে মিশ্র অবস্থা দেখা গেছে।ডিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৫টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ এক হাজার ৮৮২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৫ কোটি টাকা কম। গতকাল ডিএসইতে এ বছরের মধ্যে সর্বোচ্চ এক হাজার ৯৫৭ কোটি টাকা লেনদেন হয়।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আরএন স্পিনিং, তিতাস গ্যাস, বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সটেক্স, মালেক স্পিনিং, ম্যাকসন স্পিনিং ও এনবিএল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ৭৮.৭২ পয়েন্ট কমে ১৯১০৭.৯৭ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৪টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৯০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা কম।