পুঁজিবাজারে মূল্য সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিন ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল সোমবার পুঁজিবাজারে সামান্য মূল্য সংশোধন হয়েছে। গতকাল দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। একই সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন দুই-ই কমেছে।টানা চার দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর মূল্যসূচকের পতনকে স্বাভাবিকভাবেই দেখছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, ওঠানামা শেয়ারবাজারের ধর্ম। বাজার কখনো ওঠবে, আবার কখনো নামবে—এটাই স্বাভাবিক নিয়ম।বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ মূল্যসূচক ১৪ দশমিক ১৪ পয়েন্ট কমে ৬৬৯৬ দশমিক ৩৯ পয়েন্টে দাঁড়ায়। এদিন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ৪৭ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার হার কমতে থাকে, যা দিনের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৫টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে এদিন এক হাজার ৮৮২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন রোববারে চেয়ে ৭৫ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে এ বছরের মধ্যে সর্বোচ্চ এক হাজার ৯৫৭ কোটি টাকা লেনদেন হয়।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ৭৮ দশমিক ৭২ পয়েন্ট কমে ১৯ হাজার ১০৭ দশমিক ৯৭ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৪টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে এদিন ১৯০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন রোববারের চেয়ে আট কোটি টাকা কম।