দেশের শেয়ারবাজারে রাষ্ট্রীয় অনাচার চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, নানাভাবে শেয়ারবাজারে সাধারণ মানুষকে টেনে আনা হয়েছিল। একই সঙ্গে কৃত্রিমভাবে বাজার বাড়ানো হয়েছিল। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় গতকালরোববার আসিফ নজরুল এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সভায় পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁদের কেউই উপস্থিত হননি। তাঁদের এ অনুপস্থিতির সঠিক কোন জবাবও সংশ্লিষ্টরা জানাতে পারেননি। পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্যরাখেন এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান তোফাজ্জলহোসেনসহ সংগঠনের নেতারা।আসিফ নজরুল আরও বলেন, একপর্যায়ে বিত্তশালী ব্যক্তিরা তাঁদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিয়ে বাজার থেকে বেরিয়ে যান। ক্ষমতা ও বিত্তশালী ব্যক্তিরা শেয়ারবাজারে লুটপাট করেছেন। তদন্ত প্রতিবেদনে অনেকের নাম আসার পরও সরকার তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং অভিযুক্তদের অনেকে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন। তোফাজ্জল হোসেন তাঁর বক্তব্যে শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। ২০১০ সালে পুঁজিবাজার ধসের ঘটনার পর বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ নামের এই সংগঠনটি গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সংগঠনের ব্যানারে একদল বিনিয়োগকারী রাজপথে আন্দোলন করে যাচ্ছেন।