পুঁজিবাজারে শুরুতে সূচক বাড়লেও দিন শেষে কমেছে
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমেছে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই। তবে ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।বাজার বিশ্লেষকেরা বলছেন, পুঁজিবাজারের সাম্প্রতিক কারসাজি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে বড় ও প্রভাবশালী বিনিয়োগকারীদের নাম আসায় তাঁদের অনেকেই বাজার থেকে দূরে রয়েছেন। এর প্রভাব বাজারে পড়ছে। ফলে বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৭ পয়েন্ট বেড়ে যায়। এর পর সূচক কিছুটা কমলেও বেলা সাড়ে ১১টার পর আবার সূচক বেড়ে যায়। তবে বেলা পৌনে ১২টার পর থেকে শুরু হয়ে সূচকের নিম্নগামিতা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে সূচক ৩৬.৮৬ পয়েন্ট কমে ৬৩৮৬ পয়েন্টে দাঁড়ায়।ডিএসইতে আজ হাতবদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের। ডিএসইতে আজ মোট ৮৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৩ কোটি টাকা বেশি।এ দিকে আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, অ্যাকটিভ ফাইন, তিতাস গ্যাস, বেক্সটেক্স, আফতাব অটো, ডেসকো, আর এ কে সিরামিকস, গ্রামীণফোন, ফু-ওয়াং ফুড ও ফু-ওয়াং সিরামিকস।আজ সবচেয়ে বেশি বেড়েছে অ্যাকটিভ ফাইনের শেয়ারের দাম। এ ছাড়া মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমবি ফার্মা, ইমাম বাটন, ইস্টার্ন ইনস্যুরেন্স, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, মুন্নু স্টাফলার, চট্টগ্রাম ভেজিটেবল ও বিএসসি দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে মার্কেন্টাইল ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া ওসিএল, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, বিএসআরএম স্টিল, ইসলামিক ফিন্যান্স, নর্দার্ন ইনস্যুরেন্স, রেকিট বেনকিজার, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, ঝিল বাংলা ও রূপালী ব্যাংক দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।অন্য দিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬০.৬৯ পয়েন্ট বেড়ে ১৭৮৮৪.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের। সিএসইতে আজ মোট ৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে।