পুঁজিবাজারে সক্রিয় আছে আর্থিক প্রতিষ্ঠানগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ার বিক্রি করে অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তাদের বিনিয়োগকৃত সব অর্থ তুলে নেয়নি। অথচ এটি নিয়ে এক ধরনের অপপ্রচার করা হচ্ছে।আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) গতকাল এ তথ্য জানিয়েছে। সংগঠনটি আরও বলেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনো পুঁজিবাজারে যথেষ্ট সক্রিয় রয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় বিএলএফসিএর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিএলএফসিএর চেয়ারম্যান, প্রাইম ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আসাদ খান প্রমুখ বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন বিএলএফসিএর সাবেক চেয়ারম্যান ও বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মফিজউদ্দিন সরকার, আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসাইন, রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কে হালদার, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শান্তনু সাহা প্রমুখ। বিএলএফসিএর নেতারা বলেন, গত বছর আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে পরিমাণ বিনিয়োগ ছিল, বর্তমানেও তার কাছাকাছি পরিমাণ বিনিয়োগ রয়েছে। হয়তো পাঁচ শতাংশ কম-বেশি হতে পারে। তবে গত বছরের শেষ দিকে ব্যাংকগুলো প্রচুর পরিমাণ শেয়ার বিক্রি করে প্রচুর অর্থ তুলে নিয়েছে বলে জানিয়েছে বিএলএফসিএ। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা প্রতিপালন করতে গিয়েই তাদের প্রচুর পরিমাণে শেয়ার বিক্রি করতে হয়েছে। বর্তমান অবস্থায় ব্যাংকগুলো বিনিয়োগে এগিয়ে এলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করে সংগঠনটি। পাশাপাশি পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে বন্ড বাজার উন্নয়নের তাগিদ দিয়েছে।অনুষ্ঠানে সমিতির নেতারা আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) জন্য প্রস্তাবিত খসড়া আইনে কিছু ধারা সংশোধনের দাবি জানান। বিএলএফসিএ আর্থিক প্রতিষ্ঠানে সরকারি তহবিল জমা রাখার জন্য বিধান চালু করতে বলেছে। বর্তমান সরকারি তহবিলের ৭৫ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এবং ২৫ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার নিয়ম রয়েছে। কিছু অর্থ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রাখা হলে তহবিল ব্যবস্থাপনা ব্যয় কমে আসবে।সমিতির নেতারা বলেন, প্রস্তাবিত আইনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য সহযোগী প্রতিষ্ঠান বিনিয়োগের খাত কমানো হয়েছে। তারা প্রস্তাবিত আইনে শেয়ার কেনাবেচার কোম্পানি, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, আবাসন খাত, ক্রেডিট রেটিং কোম্পানি, এমএই, সিকিউরিটাইজেশন প্রভৃতি খাতে বিনিয়োগের সুযোগ রাখার সুপারিশ করেছে।এক প্রশ্নের জবাবে বিএলএফসিএ নেতারা বলেন, পুঁজিবাজারে আস্থার সংকট কাটাতে হলে তারল্য প্রবাহ বাড়াতে হবে। তাঁরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সেকেন্ডারি বাজারে বিনিয়োগের পরিবর্তে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেন। সমিতির নেতারা বলেন, পুঁজিবাজারের উন্নয়ন হলে দেশের শিল্পায়ন ও অর্থায়ন দ্রুত হবে। পুঁজিবাজার চাঙা থাকলে পদ্মা সেতু নির্মাণে এক বা দুই হাজার কোটি টাকার ঋণের জন্য দাতা সংস্থার পেছন পেছন ঘুরতে হবে না। বিভিন্ন ধরনের বন্ড ছেড়েও অবকাঠামো উন্নয়নের অর্থায়ন করা সম্ভব বলে তাঁরা জানান।