পুঁজিবাজারে সপ্তাহের শুরুতেই বড় দরপতন
দেশের পুঁজিবাজারে আজ বড় ধরনের দরপতন হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ সূচকের পতন হয়েছে। কমে গেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।বাজার-সংশ্লিষ্টরা বলছেন, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসইসি ও ডিএসইর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বিনিয়োগকারীদের পরিচয়পত্র প্রদান ও ডিএসইর সামনের সড়কের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যাপারে আলোচনা হয়। এই বিষয়টি আজ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এ ছাড়া আসছে বাজেটে অর্জিত মুনাফার (গেইন ট্যাক্স) ওপর কর আরোপ করা হবে—এমন শঙ্কাও বিনিয়োগকারীদের মধ্যে কাজ করে। আজকের দরপতনে এই বিষয়গুলো অন্যতম কারণ বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।তবে এ ব্যাপারে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠকে পুলিশের পক্ষ থেকে বিনিয়োগকারীদের পরিচয়পত্র প্রদান ও সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে প্রস্তাব করা হয়েছে। তবে এটা যাচাই-বাছাই করে ডিএসইর বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।আজকের বাজার সম্পর্কে শাকিল রিজভী বলেন, বাজেট নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা কাজ করছে। এ ছাড়া ব্যাংকগুলোর সাবসিডি কোম্পানি হিসেবে মার্চেন্ট ব্যাংকগুলো ৩০ জুনের মধ্যে নির্ধারিত সিংগেল পার্টি এক্সপোজার সম্পন্ন করার কারণে শেয়ার বিক্রিতে চাপ বেশি হওয়ায় এর প্রভাব বাজারে পড়ে। তিনি এ অবস্থায় বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০৫.৮৭ পয়েন্ট বা ৩.৬০ শতাংশ কমে ৫,৫১২.২০ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন শুরুর পাঁচ মিনিটের মাথায় সূচক ১৩৮ পয়েন্ট কমে যায়। এরপর সারা দিনই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে।ডিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র ১৩টি প্রতিষ্ঠানের, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ ৪৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে রয়েছে, এমআই সিমেন্ট, বেক্সিমকো, আফতাব অটো, পিপলস লিজিং, তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল, এবি ব্যাংক, ফু-ওয়াং ফুডস ও আরএন স্পিনিং।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫০০.৯৮ পয়েন্ট বা ৩.১৪ শতাংশ কমে ১৫৪৩৭.৮৭ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬১ কোটি টাকা লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি।