টানা সাত কর্মদিবস দরপতনের পর গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। এ দিন দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। গতকাল মূল্যসূচক বাড়লেও দুই বাজারেই লেনদেন কমেছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, একটানা সাত দিন দরপতনের বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের (এসইসি) পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে এসইসির পক্ষ থেকে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে কোনো গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া কয়েকজন বিনিয়োগকারীর বিরুদ্ধে এসইসির মামলা দায়েরের বিষয়টিও বিস্তারিতভাবে জানানো হয়, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াতে কিছুটা ভূমিকা রাখে। আর এ কারণে গতকাল একপর্যায়ে অনেক শেয়ারের বিক্রেতা শূন্য হয়ে পড়ে। বিনিয়োগকারীদের এ ধরনের আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বিনিয়োগকারীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দেন।লেনদেন কমার কারণ হিসেবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত রমজানের শুরুতেই বিনিয়োগকারীদের উপস্থিতি কমে যায়। একই সঙ্গে রমজান মাসে লেনদেনের সময়সীমা চার ঘণ্টার পরিবর্তে এক ঘণ্টা কমিয়ে তিন ঘণ্টা করা হয়েছে। এ কারণে লেনদেনের পরিমাণ কিছুটা কম হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গতকাল শেয়ারবাজারের লেনদেন শুরু হয়। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হওয়ার পাঁচ মিনিটে সূচক ১৩৭ পয়েন্ট বাড়ে। এরপর সূচক কিছুটা কমলেও প্রথম ঘণ্টার পর আবার দ্রুত বাড়তে থাকে। সূচক বাড়ার এ প্রবণতা সারা দিনই বজায় ছিল। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩ দশমিক ১৭ শতাংশ বা ১৯৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮৯ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে গতকাল হাতবদল হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ দিন মোট ৬১১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৩১ কোটি টাকা কম।গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল মালেক স্পিনিং, বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন, আরএন স্পিনিং, এনবিএল, এমআই সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, কেয়া কসমেটিকস, স্কয়ার টেক্সটাইল ও গোল্ডেন সন।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৩ শতাংশ বা ৫২৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১১৪ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১২টির আর অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দর। স্টক এক্সচেঞ্জটিতে এ দিন মোট ৭৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কম।