পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন গতকালের অবস্থানেই রয়েছে।
ডিএসইতে সূচক বেড়েছে ২৬ পয়েন্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইর ডিএসইএক্স সূচক আজ ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৮৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টির দাম বেড়েছে, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২৫৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৩ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ১৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ৮২ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫০৮ পয়েন্টে।
সিএসইতে আজ ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৯টির দাম বেড়েছে। কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকালের মতো আজও সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো। আজ এ প্রতিষ্ঠানের ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, হেইডেলবার্গ সিমেন্ট প্রভৃতি।