পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
এক দিন নিম্নমুখী থাকার পর আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। আজ দুই স্টক এক্সচেঞ্জে প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮৪.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৩৯.৭০ পয়েন্টে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন আরম্ভ হয়, যা সারা দিনই অব্যাহত ছিল।দিন শেষে ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৮টিরই দাম বেড়েছে। কমেছে ১৮টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪২৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৩ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো আরএন স্পিনিং, সোস্যাল ইসলামী ব্যাংক, লঙ্কাবাংলা ফিন্যান্স, কেয়া কসমেটিকস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, ফু-ওয়াং ফুড ও এমআই সিমেন্ট।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৩.০৩ পয়েন্ট বেড়ে ১৪৮২৪.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টিরই দাম বেড়েছে, কমেছে ১৬টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।