পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন
দেশের পুঁজিবাজারে আজ বুধবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে। তবে আজ সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো।বাজার-সংশ্লিষ্টদের মতে, আসছে বাজেটে পুঁজিবাজারবান্ধব কোনো ঘোষণা আসবে—এমন আশায় অনেক বিনিয়োগকারী বাজারে সক্রিয় হয়েছেন। ফলে বাজার একটু ভালো অবস্থা হলেই অনেকে শেয়ার বিক্রি শুরু করেন। তাই বারবার সূচক ওঠানামা করে। তবে সূচকের এই ওঠানামাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বিনিয়োগকারীদের একটি অংশ বিভিন্ন দাবিতে আজও ডিএসই কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭.৩৫ পয়েন্ট বেড়ে ৫,৯৪৯.১২ পয়েন্টে দাঁড়ায়।লেনদেনের শুরুতে সূচক ৯ পয়েন্ট বাড়ে। ১৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট কমে যায়। তবে ৩০ মিনিটের মাথায় আবার সূচক ৩০ পয়েন্ট বাড়ে। এভাবে দিনভর সূচক ওঠানামা করে।ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪১টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৭১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৬ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ইউসিবিএল, পিপলস লিজিং, বিএসআরএম স্টিল, এমআই সিমেন্ট, আফতাব অটো, ইউনাইটেড এয়ার, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, এনবিএল ও বেক্সটেক্স।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ৪.৫৯ পয়েন্ট বেড়ে ১৬৫০৪.৫৩ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে হাতবদল হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯১টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত ছিল পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১০৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা কম।