পুঁজিবাজারে সূচকের উল্লম্ফন
টানা চার দিন অব্যাহত দরপতনের পর আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে সূচকের বড় ধরনের উল্লম্ফন লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ৫ শতাংশ বেড়েছে।বাজার-বিশ্লেষক আকতার হোসেন সান্নামাত প্রথম আলো অনলাইনকে বলেন, গত সোমবার মন্ত্রিপরিষদের নেওয়া সিদ্ধান্ত ও আগের দিন অপ্রদর্শিত অর্থ-সম্পর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপন বিনিয়োগকারীদের মধ্যে ভীতি সৃষ্টি করে, যার প্রভাবে দরপতন ত্বরান্বিত হয়। তবে গতকাল বিকেল ও সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে পরিপত্র জারি করে আবারও সেই পরিপত্র প্রত্যাহার করা হয়। বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়ে, যার ফলে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৫০.৯২ পয়েন্ট বেড়ে ৪,৯৪৬.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসই লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে।আজ ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫৮টিরই দাম বেড়েছে আর কমেছে চারটি প্রতিষ্ঠানের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩২১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকার বেশি।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, এনবিএল, আরএন স্পিনিং, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, ফু-ওয়াং সিরামিকস, সোস্যাল ইসলামী ব্যাংক ও লাফার্জ সুরমা সিমেন্ট।আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ৬০১.০৯ পয়েন্ট বেড়ে ১৪২০১.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টিরই দাম বেড়েছে। কমেছে মাত্র ছয়টির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৮ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকার বেশি।এদিকে পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজকেও বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা সোয়া ১১টা থেকে সাড়ে বিকেল তিনটা পর্যন্ত ডিএসইর সামনে এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ চলাকালে ডিএসইর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আর যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘গতকাল সরকারের পক্ষ থেকে জারি করা পরিপত্র প্রত্যাহার করার বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে এনবিআরের প্রজ্ঞাপন প্রত্যাহার এবং অব্যাহত দরপতনের প্রতিবাদে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।’