পুঁজিবাজারে স্থিতিশীলতা আসবে: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে এসইসির নির্দেশনাকে বৈধ বলে আজ সোমবার হাইকোর্টের দেওয়া রায়ের ফলে বাজারে স্থিতিশীলতা আসবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এসইসির নির্দেশনাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যে রিট দায়ের করা হয়েছিল আজ তার রায় হয়েছে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এ-সংক্রান্ত তিনটি রিটই খারিজ করে দিয়েছেন। এর ফলে এসইসির আদেশই বহাল থাকবে। তিনি বলেন, আজকের এই রায়ের ফলে কোনো পরিচালক নির্ধারিত সময়ে ব্যক্তিগতভাবে দুই শতাংশ শেয়ার ধারণ করতে না পারলে তিনি পরিচালক পদ হারাবেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বাজারে স্থিতিশীলতা ও স্বচ্ছতা আনতে এবং কোম্পানির জবাবদিহিতা বাড়ানোর জন্য ২ সিসি ধারা যুক্ত করা হয়েছে। এতে বিনিয়োগকারী বা পরিচালক কারোরই ক্ষুব্ধ হওয়ার কারণ নেই। আজকের এ রায়ের ফলে বাজার অনেক স্থিতিশীল হবে, ফাটকাবাজি কমে যাবে বলে মন্তব্য করেন মাহবুবে আলম। এদিকে হাইকোর্টের রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি মো. রকিবুর রহমান এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি আল মারুফ খান।