পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ১৭ দফা প্রস্তাব
পুঁজিবাজারের বর্তমান নেতিবাচক অবস্থা থেকে উত্তরণ এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) ১৭ দফা প্রস্তাব দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম। আজ মঙ্গলবার বিকেলে এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনের কাছে সংগঠনটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়।এ সময় এসইসির চেয়ারম্যান ছাড়াও তিন সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন ও আরিফ খান এবং সংগঠনটির আহ্বায়ক আবদুল মান্নান, সদস্যসচিব রুহুল আমিনসহ ১২ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।লিখিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে পুঁজিবাজার উন্নয়নসংক্রান্ত এসইসি, ডিএসই, সিএসই, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের যেকোনো সভায় বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা; ট্রেজারি বন্ডে কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে দুই বছরের লকইন ব্যবস্থা রাখা; বুক বিল্ডিং পদ্ধতির সংস্কার করা; মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর শেয়ার লেনদেনে কমিশন ন্যূনতম ০.২৫ শতাংশ নির্ধারণ; মার্জিন ঋণের হার ১:২ কার্যকর করা; অবিলম্বে ডিএসই ও সিএসইকে ডিমিউচুয়ালাইজেশন করা; বিও হিসাব ও সিডিবিএলের চার্জ ১০০ টাকা নির্ধারণ; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারবাজার থেকে অর্জিত মুনাফা আবারও বাজারে বিনিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া; বাংলাদেশ ফান্ডের আকার পাঁচ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার কোটি টাকায় উন্নীত করা; অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের ঋণ সমন্বয়ের সময়সীমা আরও বাড়ানো এবং এসএলআর ও সিআরআর এর হার কমানো।