পুঁজিবাজারে স্থিতিশীলতার দাবিতে বিক্ষোভ
পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখার দাবিতে আজ রোববারও বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী। বেলা একটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।এদিকে বিনিয়োগকারীরা বেলা আড়াইটার দিকে ডিএসইর সামনে এক পাশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিকেল চারটা নাগাদ বিক্ষোভ চলছিল বলে জানা গেছে। এতে ওই সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজও দরপতনের মধ্যে লেনদেন চললে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে অবস্থান নেন। তাঁরা ডিএসইর মূল ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিনিয়োগকারীরা অর্থমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। এ ছাড়া ডিএসইর সভাপতি রকিবুর রহমান ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।গত ১১ জুন সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদকে বলেন, ‘শেয়ারবাজার নিয়ে তিনি কিছু বলেন না। কারণ এই শেয়ারবাজার দুষ্টু শেয়ারবাজার।’ শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে পরদিন ১২ জুন বিনিয়োগকারীরা ডিএসইর সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভে তাঁরা অর্থমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।