পুঁজিবাজারে স্বচ্ছতার জন্য সার্ভিল্যান্স সফটওয়্যার গুরুত্বপূর্ণ: বিএসইসি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে স্বচ্ছতার জন্য সার্ভিল্যান্স সফটওয়্যার গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন। আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে ডিএসইর নতুন সার্ভিল্যান্স সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খায়রুল হোসেন বলেন, বাজারের উন্নয়ন ও স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক বাজারের জন্য ডিএসইর ইনসট্যান্ট ওয়াচ মার্কেট সার্ভিল্যান্স সফটওয়্যার একটি নতুন সংযোজন। এর মাধ্যমে ডিএসই কর্তৃপক্ষ বাজারে কারসাজি ধরতে পারবে। এ ছাড়া নিজেদের দায়বদ্ধতার মধ্যে নিয়ে গেল তারা। তাদের জবাবদিহির জায়গা বেড়ে যাবে।

বিএসইসির চেয়ারম্যান আরও বলেন, প্রায় এক বছর আগে বিএসইসিতে সার্ভিল্যান্স সফটওয়্যার স্থাপন করা হয়েছে। এরই মধ্যে এতে ৪৪ ধরনের কারসাজি ধরা পড়েছে। বাজার যখন স্বচ্ছভাবে কাজ করবে, তখন মানুষের মধ্যে আস্থা বেড়ে যাবে।

অনুষ্ঠানে ডিএসইর সভাপতি আহসানুল ইসলামসহ বিএসইসি ও ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।