পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন
সেন্ট্রাল ডিপোজিটারি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারে কারিগরি ত্রুটির কারণে একদিন লেনদেন বন্ধ থাকার পর আজ বুধবার দেশের পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন চলেছে। গতকালই সিডিবিএলের কারিগরি ত্রুটি সমাধান হওয়ায় আজ যথারীতি লেনদেন চালু করার সিদ্ধান্ত নেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, গতকালই সিডিবিএলের সমস্যা সমাধান হয়েছে। আর তাই আজ বেলা ১১টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একই সময়ে সিএসইতে লেনদেন শুরু হয় বলে সিএসই সূত্রে জানা যায়।সিডিবিএলের এইচআর ও বিশেষ প্রজেক্টের প্রধান সালাউদ্দিন হায়দার গতকাল বিকেলে সিডিবিএলের কারিগরি সমস্যা সমাধানের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, সফটওয়্যারের সমস্যার কারণে ডিপোজিটরি পারটিসিপেন্টরা (ডিপি) সিডিবিএলের সার্ভারে লগইন করে বিক্রয়কৃত শেয়ার জমা দিতে পারছিলেন না। এক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সিডিবিএলের কারিগরি দল সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান সিএমসি লিমিটেডের সহায়তায় দীর্ঘ সময় ধরে চেষ্টা করে সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছেন।