পুঁজিবাজারের দুর্নীতি খতিয়ে দেখতে দুদকের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে বিভিন্ন দুর্নীতির বিষয় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপপরিচালক হারুনুর রশিদের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন: উপসহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম, হাফিজুর রহমান, রেজাউল ইসলাম তরফদার ও তাজুল ইসলাম। কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দুদকের কমিটি বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে। ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর সরকার এই তদন্ত কমিটি গঠন করে। কমিটি বাজারের অস্বাভাবিক উত্থান ও বিরাট ধসের বিভিন্ন কার্যকারণ অনুসন্ধান করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করে। তাতে বাজার ঘিরে বিভিন্ন ধরনের অনিয়ম ও কারসাজির চিত্র তুলে ধরা হয়। বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম-কারসাজির সুনির্দিষ্ট অভিযোগও আনা হয়। বাজার চিত্র: দেশের শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবারও দরপতন ঘটেছে। এর ফলে শেয়ারবাজারে পরপর দুই দিন দরপতন ঘটল।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ৫০ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ১১৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি দুই বাজারে লেনদেনের পরিমাণও কমে গেছে। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে ঢাকার বাজারে লেনদেন শুরু হলেও দিন শেষে তা কমেছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি স্বাভাবিক মূল্য সংশোধন।ঢাকার বাজারে এদিন ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩০টির দাম বেড়েছে, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত ছিল নয়টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৬৮২ পয়েন্টে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৪৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২২৫ কোটি টাকা কম।লেনদেনের দিক থেকে এদিন ডিএসইতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, আফতাব অটো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন কেব্ল, কেয়া কসমেটিকস, ইউনিক হোটেল, ইউসিবিএল ও বিকন ফার্মা।চট্টগ্রামের বাজারে এদিন ১৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১২টিরই দাম কমেছে, বেড়েছে ৮০টির আর অপরিবর্তিত ছিল ছয়টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৩৪৬ পয়েন্টে। সিএসইতে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা কম।ডিএসই-এবিবি বৈঠক: শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বৈঠক করেছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর পক্ষে সংস্থাটির সভাপতি রকিবুর রহমান ও এবিবির পক্ষে সংগঠনটির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন বৈঠকে নেতৃত্ব দেন।বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাংকগুলো আগ্রাসী (অ্যাগ্রেসিভ) শেয়ার বিক্রি না করার ব্যাপারে সম্মত হয়েছে।বৈঠক শেষে রকিবুর রহমান বলেন, ‘অতীতের মতো ব্যাংকগুলো যাতে আগ্রাসীভাবে শেয়ার বিক্রি না করে, সে জন্য এবিবির মাধ্যমে আমরা ব্যাংকগুলোর কাছে অনুরোধ জানিয়েছি। তারা আমাদের এ ব্যাপারে আশ্বস্ত করেছে।’ এবিবির সভাপতি বলেন, বাজারের স্থিতিশীলতা রক্ষায় শেয়ারের চাহিদা অনুযায়ী সরবরাহের দিকে নজর দেওয়া উচিত। এ ক্ষেত্রে বন্ড মার্কেট শক্তিশালী ও গতিশীল করার ওপর জোর দেন তিনি।নুরুল আমিন আরও বলেন, ব্যাংকগুলো নিয়মিত লেনদেনকারী (ট্রেডার) নয়; বরং ব্যাংক হলো বিনিয়োগকারী ও মার্কেট মেকার। প্রতিটি ব্যাংক নিয়ম মেনে বিনিয়োগের আইনি সীমার মধ্যে থেকে শেয়ারবাজারে বিনিয়োগ করে আসছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।