পুঁজিবাজারের প্রকৃত ক্ষতিগ্রস্তদের খুঁজে বের করবে কমিটি
স্বল্প পুঁজি ও মার্জিন ঋণ নিয়ে যেসব ক্ষুদ্র বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগের কারণে প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে গঠিত কমিটি।আজ সোমবার কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে গত ২৩ নভেম্বর সরকারঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণার সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে বিশেষ স্কিম ঘোষণা করেন। একই সঙ্গে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামানকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের বিষয়টিও জানান তিনি। কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন প্রতিনিধি, এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, সিডিবিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা।বৈঠকের ব্যাপারে এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, ‘আজ কমিটির প্রথম বৈঠক হয়েছে। এখানে সুনির্দিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের চিহ্নিত করার ব্যাপারে আলোচনা হয়েছে।’সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন বলেন, ‘বৈঠকে ক্ষুদ্র বিনিয়োগকারী ও মার্জিন ঋণ নিয়ে আলোচনা হয়েছে। যিনি মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন, তিনিও ক্ষুদ্র বিনিয়োগকারী। আর যিনি মার্জিন ঋণ ছাড়া বিনিয়োগ করেছেন, তিনিও ক্ষুদ্র বিনিয়োগকারী। তাই সত্যিকারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংজ্ঞা নিরূপণে আমরা আলোচনা করেছি। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো থেকে এ-সংক্রান্ত বিষয়ে ‘ফ্রেস ডাটা’ চাওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো বিশ্লেষণ করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’