পুঁজিবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংককে নমনীয় হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংককে পুঁজিবাজারের প্রতি আরও নমনীয় ও পুঁজিবাজার বান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, গত কয়েক বছরে পুঁজিবাজারের অনেক সংস্কার হয়েছে। এই বাজারকে আরও শক্তিশালী করা প্রয়োজন। 


আজ বৃহস্পতিবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ‍ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত পুঁজিবাজার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচক ডটকম আজ থেকে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে।

বাংলাদেশে যেসব বহুজাতিক কোম্পানি রয়েছে, এসব কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়েছে, আরও অনেক দূর এগিয়ে যাবে। অর্থনীতিতে যেটুকু মন্দাভাব আছে, পুঁজিবাজার স্থিতিশীল হলে তা দূর হয়ে যাবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজামী নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয়হীনতা নিয়ে কথা বলেন। তিনি বাংলাদেশ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং বিএসইসির কাজের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে উল্লেখ করেন।

অর্থসূচক ডটকমের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আবদুল মজিদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি আহসানুল ইসলাম। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে নয়টা পর্যন্ত চলবে। শেষ হবে শনিবার।