পুঁজিবাজারের বিকাশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেছেন, দেশের পুঁজিবাজার বিকাশের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। এ কাজে অর্থনৈতিক প্রতিবেদকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সম্মেলনকক্ষে আয়োজিত ফিন্যানশিয়াল জার্নালিজমের ওপর প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএমের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।খায়রুল হোসেন বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু আইন সংশোধন, পরিবর্ধন ও উন্নয়ন করা হয়েছে। এ ছাড়া নতুন করে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছু আইন প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে।’এসইসির চেয়ারম্যান আরও বলেন, এসইসিতে আগামী অক্টোবরের মধ্যে সার্ভিলেন্স (নজরদারি) সফটওয়্যার স্থাপন করা হবে। দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ডিমিউচুয়ালাইজেশনের প্রস্তাবিত আইনের খসড়া জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কমিশন কাজ করে যাচ্ছে। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসইসির ইচ্ছার ঘাটতি নেই বলেও জানান তিনি।প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকদের উদ্দেশে খায়রুল হোসেন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকেরা কোম্পানির আর্থিক বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ করেছেন। সাংবাদিকদের উচিত হবে, কেউ অনৈতিক কাজে জড়িয়ে পড়লে তা জাতির সামনে তুলে ধরা।এসইসির চেয়ারম্যান বলেন, সাংবাদিকেরা একদিকে তথ্যপ্রবাহে অবদান রাখছেন, অন্যদিকে নিজের অজান্তেই নিয়ন্ত্রক সংস্থার মতো কাজ করছেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, বিআইসিএমের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আবদুল হান্নান জোয়ার্দার, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোল্লা মনসুর আহমেদ, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হারুন।