অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থা এগমন্ট গ্রুপের সদস্য হওয়ার পূর্বশর্ত পূরণের অংশ হিসেবে দেশের পুঁজিবাজারের লেনদেন কঠোর নজরদারি ব্যবস্থার আওতায় আনতে যাচ্ছে সরকার।এ জন্য পুঁজিবাজারে ব্যবসারত মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর লেনদেনের তথ্য মাসিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। আগামী ডিসেম্বর মাস থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে।ফাইন্যান্সিয়াল অ্যাকশনস অন টাস্কফোর্সের (এফএটিএফ) পরামর্শ মেনে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটি আন্তর্জাতিক সংস্থা এগমন্ট গ্রুপের সদস্য হওয়ার অন্যতম শর্ত। এগমন্ট গ্রুপের সদস্য হওয়ার ক্ষেত্রে করণীয় নির্ধারণে গত রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এ বিষয়ে গঠিত জাতীয় সমন্বয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থসচিব ফজলে কবির, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম হোসেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এগমন্ট গ্রুপ হলো বিভিন্ন দেশের আর্থিক গোয়েন্দা বিভাগের (এফআইইউ) সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক একটি সংগঠন। বর্তমানে বিশ্বের ১৩০টি দেশ সংগঠনটির সদস্য। অর্থ পাচার কিংবা জঙ্গি অর্থায়ন বিষয়ে গ্রুপভুক্ত এক দেশ অপর দেশ থেকে তথ্য সহায়তা পেয়ে থাকে।তবে বৈঠক শেষে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলেও সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। সূত্র জানায়, শেয়ারবাজারে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার ক্ষেত্রে ‘আপনার গ্রাহককে জানুন (কেওয়াইসি)’ বাধ্যতামূলক করা হচ্ছে। এটি ইতিবাচক হবে এবং এফএটিএফ নির্দেশনা কাজে লাগিয়ে বাংলাদেশ পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগও আকৃষ্ট করতে পারে বলে বৈঠকে মতামত এসেছে।বর্তমানে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে এই কেওয়াইসি ফরম পূরণ বাধ্যতামূলক। এর আগে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গত বছর তাদের প্রতিবেদনে বাজারের সংস্কারের জন্য যেসব সুপারিশ করেছিল, তার মধ্যে বিও হিসাবের জন্য কেওয়াইসি প্রবর্তনের বিষয়টিও ছিল। এফএটিএফ হলো বিভিন্ন দেশের সরকারের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থা মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন কৌশল ও আর্থিক লেনদেনের মানদণ্ড নির্ধারণ করে থাকে। এফএটিএফের কর্মপন্থা বাস্তবায়ন না করতে পারলে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট দেশকে কালো তালিকাভুক্ত করে। গত ফেব্রুয়ারিতে মিয়ানমার, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনাম কালো তালিকাভুক্ত হয়। এফএটিএফের তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান ধূসর-তালিকাভুক্ত। আগামী বছরের মার্চে বেলজিয়ামে অনুষ্ঠেয় এগমন্ট গ্রুপের বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের সদস্যপদ পাওয়ার কথা। এগমন্ট গ্রুপের পরবর্তী সভায় বাংলাদেশ যাতে সদস্যপদ পায়, সে জন্য করণীয় সবকিছুই করা হবে বলে প্রথম আলোকে জানান বৈঠকে উপস্থিত একজন সদস্য। এর অংশ হিসেবেই আগামী ১৭ ডিসেম্বর পুঁজিবাজারে বিশেষ সফটওয়্যারের উদ্বোধন করার কথা রয়েছে অর্থমন্ত্রীর।