পুঁজিবাজারের সংকট নিয়ে সভা করবে এবিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের সাম্প্রতিক সংকটে করণীয় আছে কি না, সে বিষয়ে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) শিগগিরই সভা করবে। আজ সোমবার এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এবিবির সহসভাপতি নুরুল আমিনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের এক অনানুষ্ঠানিক বৈঠকে এ কথা হয় বলে জানা গেছে।সূত্র জানায়, নিজস্ব ব্যাংকের কাজে নুরুল আমিন আজ দুপুরে আতিউর রহমানের সঙ্গে দেখা করতে যান। এ সময় গভর্নর কথা প্রসঙ্গে নুরুল আমিনের কাছে পুঁজিবাজারের সাম্প্রতিক সংকট থেকে উত্তরণে এবিবির কিছু করণীয় আছে কি না, তা জানতে চান। তখন নুরুল আমিন এবিবির সভাপতি কে মাহমুদ সাত্তারের সঙ্গে এ বিষয়ে কথা বলেন এবং জানান, শিগগিরই এবিবি পুঁজিবাজার নিয়ে করণীয় আছে কি না, সে বিষয়ে বৈঠক করবে।জানা যায়, গভর্নর ও এবিবির নেতৃত্বের মধ্যে আলোচনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের দিক থেকে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগে কোনো বাধা নেই। আইন অনুযায়ী ব্যাংকগুলো আমানতের ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারে। মার্জিন ঋণ দেবে কি না, সেটা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংকের নিজস্ব বিষয়। একইভাবে সুদ মওকুফের বিষয়টিও নিজ নিজ ব্যাংকের নিজস্ব বিষয়।ব্যাংকিং সূত্রগুলো বলছে, এবিবি এসব বিষয় নিয়েই শিগগিরই বৈঠক করবে। নুরুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বৈঠকের কথা স্বীকার করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।