পুঁজিবাজারের স্থিতিশীলতায় আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক সুশাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বর্তমান প্রেক্ষাপটে বড় কোম্পানিগুলোর মধ্যে এ দুটি বিষয় মানার প্রবণতা বেশি লক্ষ করা গেলেও মাঝারি ও ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে এ প্রবণতা তুলনামূলক কম। এ ক্ষেত্রে সংশ্লি¬ষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অ্যাকাউন্টিং ফর ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট (এসিএমডি) আয়োজিত এক আলোচনায় এসব বিষয় উঠে আসে।প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা এবি আজিজুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হলে কোম্পানিগুলোকে অবশ্যই সব ধরনের আইন মানতে হবে। কোম্পানিকে অবশ্যই সঠিক তথ্য প্রকাশ করতে হবে। তাদের আর্থিক প্রতিবেদন বিস্তারিত ও স্বচ্ছ হতে হবে। কোনো কোম্পানি নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লি¬ষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ অত্যন্ত জরুরি।আজিজুল ইসলাম বলেন, ক্রেডিট রেটিং কোম্পানিগুলোকে সঠিক পদক্ষেপ নিতে হবে। নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে নিরীক্ষা করতে হবে। প্রয়োজনে বিচার বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে। তিনি আরও বলেন, কোম্পানিগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জনগণের চাহিদার প্রতিফলন থাকতে হবে। এ ক্ষেত্রে আর্থিক প্রতিবেদন যথাযথভাবে না এলে কোনোভাবেই জনগণের প্রত্যাশা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশ ও প্রাতিষ্ঠানিক সুশাসনের ক্ষেত্রে উদাসিতা লক্ষ করা যাচ্ছে। স্বচ্ছ আর্থিক প্রতিবেদন কেবল পুঁজিবাজারের জন্য প্রয়োজন, তা নয়। আইসিএবি, বাংলাদেশ ব্যাংক, আরজেএসসি, সংশ্লি¬ষ্ট কোম্পানি, বিভিন্ন নিরীক্ষাপ্রতিষ্ঠান, জাতীয় রাজস্ব বোর্ডের জন্যও এটা প্রয়োজন। আর তাই কোম্পানিগুলোকে স্বচ্ছ আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতা আনতে এ দুটি বিষয় খুবই প্রয়োজন।বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে কমিশন। এরই মধ্যে করপোরেট গভর্নেন্স গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। এই গাইডলাইন অনুযায়ী কোম্পানিগুলোর স্বাধীন পরিচালকের সংখ্যা মোট পরিচালকের ২৫ শতাংশ থাকতে হবে। তবে বেশির ভাগ কোম্পানি তথ্য প্রকাশে গড়িমসি করে বলেও জানান তিনি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি আল মারুফ খান বলেন, বেশির ভাগ কোম্পানি তাদের ওয়েবসাইটে আর্থিক প্রতিবেদন প্রকাশ করে না। অনেকে প্রকাশ করলেও তা সামঞ্জস্যহীনভাবে ও বিভিন্ন আঙ্গিকে প্রকাশ করে থাকে। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। আরও বক্তব্য দেন ওই বিভাগের অধ্যাপক ও এমবিএ প্রোগ্রামের পরিচালক রিয়াজুর রহমান, বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী, ইংরেজি দৈনিক ‘ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আইসিএবির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ।