পুঁজিবাদ নিয়ে নতুন চিন্তার পক্ষে ফরাসি প্রেসিডেন্ট
আর্থিক সংকটের পর এখন পুঁজিবাদ নিয়ে নতুনভাবে গভীর চিন্তার পক্ষে মত দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের দ্বিতীয় দিনে মূল বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন।সারকোজি বলেন, ‘আমরা বলছি না যে পুঁজিবাদকে কী দিয়ে প্রতিস্থাপন করব। কিন্তু জানতে চাই যে আমরা কী ধরনের পুঁজিবাদ চাই। সবার ওপরে মুক্তবাণিজ্যকে স্থান দিয়ে আমরা গণতন্ত্রকে দুর্বল করেছি।’সারকোজি বলেন, ‘আমাদের ব্যাপকভিত্তিক পরিবর্তন দরকার।’ তিনি মুক্তবাণিজ্যে ‘নৈতিকতা’ ফিরিয়ে আনার পক্ষেও মত দেন।ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা যদি পরিবর্তন আনতে সক্ষম না হই, তাহলে তা হবে দায়দায়িত্বহীনতার প্রকাশ।’ফ্রান্স ইতিমধ্যে ব্যাংকের মূলধনের ভিত্তি বাড়ানো এবং শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বোনাস কমিয়ে আনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাকা ওবামা ব্যাংকের আয়তন ছোট করাসহ নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব করেছেন। তবে দাভোসে শীর্ষ ব্যাংকাররা নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাবে আপত্তি জানিয়েছেন। সূত্র: বিবিসি।