পুঁজিবাদী অর্থকাঠামোর সংস্কার দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জমি কিনে বিক্রি করে দিলে যদি এত মুনাফা, দেশে তাহলে বিনিয়োগ হবে কেন?’—তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ প্রশ্ন তুলেছেন।এর জবাবও দিয়েছেন নিজে। বলেছেন, ধনিক শ্রেণী কলকারখানাও করবে না, উৎপাদন কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত হবে না, জমিই কিনবে। এর কারণ দেশে কোনো সম্পদ কর নেই। অর্থাৎ সম্পত্তি ধরে রাখতে গেলে সরকারকে কিছু দিতে হয় না। এই অবস্থায় ভবিষ্যতে বাংলাদেশে সম্পদ কর প্রবর্তনের বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে ভাবার পক্ষেও অবস্থান নেন তিনি।গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) এলডিসি প্রতিবেদন-২০১০ প্রকাশনা অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন।রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘এলডিসির জন্য নতুন আন্তর্জাতিক উন্নয়ন কৌশল’ শীর্ষক এ প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং আরেক সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রতিবেদনটির নানা দিক বিশ্লেষণ করেন। বাংলাদেশে জাতিসংঘের অফিস ইনচার্জ কাজী আলী রেজা স্বাগত বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম, নর্থসাউথ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এ টি এম নুরুল আমিন এবং সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান।ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্ব অর্থনীতির এখন টালমাটাল অবস্থা। এ অবস্থায় পুঁজিবাদী অর্থ কাঠামোরই সংস্কার দরকার। এলডিসিগুলোর উন্নয়নে ধনিক রাষ্ট্রের জোট জি-২০ এবং জি-৭ কী করছে বা কী করবে, তা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এলডিসিগুলোর ব্যাপারে তারা যদি একটু মনোযোগ দেয়, তাহলে বিশেষ অনুদানেরও দরকার পড়বে না।সাবেক উপদেষ্টা আরও বলেন, সাম্প্রতিক বিশ্বমন্দার পরও এলডিসিগুলোর প্রবৃদ্ধি ভালো ছিল। কিন্তু সার্বিক অবস্থা খুবই খারাপ। কোনো কোনো সদস্যের আবার কোনো প্রবৃদ্ধিই নেই। অথচ উন্নত দেশগুলোর বেশির ভাগ সদস্য তাদের জাতীয় আয়ের প্রতিশ্রুত অর্থ ছাড় করছে না। প্রযুক্তি হস্তান্তর, মেধাস্বত্ব এবং কারিগরি সহায়তার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে নিতে হবে বলে মনে করেন তিনি। এলডিসিগুলোর জন্য নতুন করে ভাবার পরামর্শ দিয়ে ওয়াহিদউদ্দিন বলেন, অবকাঠামো খাতে বিরাট চ্যালেঞ্জ। বিশ্বব্যাংকসহ উন্নয়ন-সহযোগীরা এ ব্যাপারে এগিয়ে আসতে পারে। এলডিসিগুলোর জন্য যদি তারা প্রকৃতপক্ষেই কিছু করতে চায়, তাহলে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমেও বিনিয়োগ করতে পারে।১৯৯৭ সালের খাদ্যসংকটে উন্নত দেশগুলোর সহায়তা না থাকার কথা স্মরণ করে ওয়াহিদউদ্দিন বলেন, চীনসহ অনেকেই এখন সহায়তা করার শক্তি অর্জন করেছে। দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে। আর এদিকে দরকার আঞ্চলিক সম্পর্ক জোরদার করা।এলডিসি প্রতিবেদনে বলা হয়েছে, মাথাপিছু আয় এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের দিক থেকে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে বাংলাদেশের অবস্থা ভালো। আগামী দিনে আরও ভালো করা অর্থাৎ এলডিসি থেকে বের হয়ে যাওয়ারই সুযোগ রয়েছে দেশটির।আরও বলা হয়, আফ্রিকার তেল রপ্তানিকারক কয়েকটি দেশের কথা বাদ দিলে এলডিসি সদস্যদের মধ্যে উন্নয়ন সম্ভাবনার দিক থেকে বাংলাদেশই এগিয়ে। ২০১৫ সালের মধ্যেই দেশটির জিডিপির প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৭ শতাংশে উন্নীত হবে। আর ২০২০ সালের মধ্যে এই হার হবে ৯ দশমিক ৫ শতাংশ। মাথাপিছু আয়ও বর্তমানের দ্বিগুণ ছাড়িয়ে যাবে।প্রতিবেদনে বিভিন্ন সূচক প্রাক্কলন করতে গিয়ে তেল রপ্তানিকারক আফ্রিকার দেশ, তেল রপ্তানির বাইরের আফ্রিকার দেশ, বাংলাদেশ এবং এশিয়ার অন্য দেশ—এ রকম চারটি ভাগে ভাগ করা হয়েছে। তবে প্রতিবেদনের প্রাক্কলন বাস্তবে রূপ নেবে কি না, তা নিয়ে সন্দেহ পোষণ করেন সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ খুব একটা এগোতে পারবে বলে তাঁর কাছে মনে হয় না।আন্তর্জাতিক অর্থ কাঠামোতে বা উন্নত দেশগুলোর কাছে এলডিসি খুবই অবহেলিত। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কার্যক্রমেও কোনো অগ্রগতি নেই। উন্নত দেশগুলোর প্রযুক্তি হস্তান্তরের কোনো সম্ভাবনা ২০১৫ সালের মধ্যে তিনি দেখেন না। এলডিসির ওপর জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিরসনে উন্নত দেশগুলোর সহায়তার দৃষ্টি পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।অধ্যাপক এ টি এম নুরুল আমিন বলেন, ‘মুক্তবাজার অর্থনীতির সুবিধার দিকগুলো অন্যরা নিতে পারলেও, আমরা পারিনি। আধাদক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রা দ্বিগুণ বেড়ে যাবে।’ শামসুল আলম বলেন, ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সামর্থ্য আছে। তবে প্রতিবেদনটিতে মানবসম্পদ উন্নয়নের বিষয়ে কিছু বলা হয়নি।