পুঁজিবাদী থেকে জনকল্যাণমুখী ধারার দিকে যাচ্ছে অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতি এখন পুঁজিবাদী ধারা থেকে বেরিয়ে কল্যাণকর ধারার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সমুন্নয়। আগামী ২০১০-১১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে সংস্থাটি বলেছে, বরাদ্দ বিবেচনায় গ্রামের দিকেই সরকারের নজর ভালো। সব মিলিয়ে গত এক বছরে কৃষি খাতেই গেছে ২০ হাজার কোটি টাকা। আগামীবারের জন্যও ভালো অঙ্কের বরাদ্দ দেওয়া হয়েছে। এই ধারাবাহিকতা কয়েক বছর বজায় থাকলে গ্রামোন্নয়নে উচ্চ প্রবৃদ্ধি দেখা যাবে। সমুন্নয়ের সম্মানীয় ফেলো ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘প্রস্তাবিত বাজেটের নতুনত্বের দিকও এটাই। পুরোপুরি পুঁজিবাদী ধারা থেকে সরে এসে জনকল্যাণমুখী ধারায় রূপান্তর। আমরা যে কল্যাণকর অর্থনীতির কথা বলি, আগামী তিন থেকে চার বছর বাজেট বরাদ্দে গ্রাম প্রাধান্য পেলে গোটা জাতি তার সুফল পাবে।’ রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার সমুন্নয় আয়োজিত ‘এবারের বাজেট কেমন হলো’ শীর্ষক বাজেট প্রতিক্রিয়াপত্র উপস্থাপনকালে এসব কথা বলা হয়। প্রতিক্রিয়াপত্রটি উপস্থাপন করেন সমুন্নয়ের গবেষণা দলের প্রধান এ কে এনামুল হক। সংস্থার গবেষণা পরিচালক তৈয়েবুর রহমানসহ অন্য ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। সংস্থাটির মতে, যে বাজেটের আকার মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ১৭ শতাংশেরও নিচে সেটাকে ১৫ কোটি মানুষের এ দেশে কোনোভাবেই বড় বলা যায় না। চাইলে বাজেটের আকার আরও বড় অর্থাৎ জিডিপির ২০ শতাংশ পর্যন্ত করা যেত। সমুন্নয়ের মতে, ২০১২ সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ঘোষণা ছিল ২০০৯-১০ অর্থবছরের বাজেট ঘোষণায়। সে অনুযায়ী গ্রামীণ অর্থনীতির উন্নয়নের মাধ্যমে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক অর্থনৈতিক উন্নয়নের গতিকে আরও বেগবান করার চেষ্টা পরিলক্ষিত হয়েছে এবারের বাজেটে। সংস্থাটি মনে করে, বরাবরের মতো এবারের বাজেটের সমস্যাও হলো ‘বাস্তবায়ন’। বাস্তবায়নে ব্যর্থদের খুঁজে বের করে এখন শাস্তি দেওয়ার সময় এসেছে। সমুন্নয় বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতের অর্থও চলতি অর্থবছরে ব্যয় হয়নি। সমুন্নয় বলেছে, গতবারের মতো এবারের বাজেটেও সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় ন্যাশনাল সার্ভিস, ঘরে ফেরা কর্মসূচি ও ভিক্ষাবৃত্তির অবসান বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই।এ ছাড়া দরিদ্র মায়ের সংখ্যা এবং শহরের নিম্ন আয়ের কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতার হার নিয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। কর্মসূচি নেই প্রবীণদের স্বাস্থ্যসেবার বিষয়ে। এর ওপর পরিবহন ও যোগাযোগের মতো জনগুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বাড়ানোর বদলে উল্টো কমানো হয়েছে।খোন্দকার ইব্রাহিম খালেদ রাস্তায় হইচইয়ের পরিবর্তে এবার বিরোধী দলের বাজেট উপস্থাপনকে ইতিবাচক দিক বলে মন্তব্য করেন। তাঁর ভাষায়, যদিও বিরোধী দল শুধু ব্যয়ের কথা বলেছে। আয়ের দিকটি উল্লেখ করেনি। বিরোধী দলকে উদ্দেশ করে ইব্রাহিম খালেদ আরও বলেন, বিকল্প বাজেট দেওয়ার অবকাশ থাকলেও তারা তা করেনি। আবার সংসদে পেশ করলে জোরালো ও ভিন্ন কিছু বক্তব্য উঠে আসতে পারত। সেটাও করেনি তারা। ভবিষ্যতে বিরোধী দল বিকল্প বাজেট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমুন্নয়ের এই সম্মানীয় ফেলো বিশেষ করে উন্নয়ন বাজেট বাস্তবায়ন সম্পর্কে কিছু পরামর্শ দেন। তিনি বলেন, অদক্ষ বলেই উন্নয়ন বাজেট বাস্তবায়িত হয় না, তা নয়। প্রশাসনিক জটিলতাও এর অন্যতম কারণ। এমন দরপত্রও থাকে যেগুলোর অনুমোদনের জন্য মন্ত্রিসভায় যেতে হয়। অপ্রয়োজনীয় এই কাজটির জন্য ছয় থেকে নয় মাস সময় বেশি লেগে যায়। ইব্রাহিম খালেদ বলেন, প্রকল্প বাস্তবায়নে দুটি কমিটি থাকতে পারে। একটি থাকবে জেলা প্রশাসকের নেতৃত্বে, অন্যটি উচ্চপর্যায়ের। অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই কমিটিতে পরিকল্পনামন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা থাকবেন। যেকোনো অংকের প্রকল্প অনুমোদনের সিদ্ধান্ত দিতে হবে এ কমিটিকে। এতে কাজ অনেক এগিয়ে যাবে।