পুঁজির অপর্যাপ্ততাই ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বাধা হলো পুঁজির অভাব। এ ছাড়া ব্যবসায় পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনায়ও কৌশলের অভাব রয়েছে। তাই আশানুরূপ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে না। গতকাল রোববার উদ্যোক্তা ও উন্নয়ন: অভিজ্ঞতা, অনুশীলন এবং নীতিনির্ধারণবিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনের ‘বাংলাদেশে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন’ শিরোনামের অধিবেশনে বক্তারা এ কথা বলেন। বেসরকারি সংস্থা ব্র্যাক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিকস যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত আলোচ্য অধিবেশনে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। এতে তিনি বলেন, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত বিনিয়োগ বা পুঁজিসুবিধার অভাব রয়েছে। এসব উদ্যোক্তার জন্য অর্থায়নসহ অন্যান্য বিষয়ে সরকারের পক্ষ থেকে অনেক কাজ করার সুযোগ রয়েছে। মির্জ্জা আজিজ আরও জানান, সরকারি ভাষায় উদ্যোক্তার সংজ্ঞা নিয়ে অস্পষ্টতা রয়েছে। বাংলাদেশ ব্যাংক, শিল্প মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো উদ্যোক্তার একেক রকম সংজ্ঞা দিয়েছে। মির্জ্জা আজিজ মনে করেন, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় অর্থায়নকে বেশি গুরুত্ব দিতে হবে। এ ছাড়া কারিগরি-সহায়তা ও পণ্যের বাজারও নিশ্চিত করতে হবে। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, দেশে কী পরিমাণ ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে তার সঠিক পরিসংখ্যান পাওয়া দুষ্কর। কেননা, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তা আনুষ্ঠানিকভাবে তৈরি হয় না। সাধারণত পরিবার পর্যায়ে এ ব্যবসা শুরু হয়। মাহবুব হোসেন আরও জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের অর্থায়নের ওপর সুদের হার এখনো অনেক বেশি। সুদের হার আরও কমানো উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বেঁচে থাকার তাগিদে, কিছুটা সংগঠিত উপায়ে এবং বড় প্রতিষ্ঠান—বর্তমানে এ তিন ধরনের উদ্যোক্তা রয়েছে।লাল তীর সিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম অভিযোগ করে বলেন, সরকার বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করে না। দেশে বেশ কিছু বিশ্বমানের পণ্য তৈরি হয়। কিন্তু সরকারি পর্যায়ে বিদেশে সেসব পণ্যের বাজারজাতকরণে সহায়তা করা হয় না। শুধু অর্থায়নই নয়, ব্যবসায় পরিকল্পনা, পরিচালনা, ব্যবস্থাপনা—এসব বিষয়কেও গুরুত্ব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাকী খলিলী তাঁর মূল প্রবন্ধে বলেন, ২০১০ সাল নাগাদ সারা দেশে প্রায় ৯০ লাখ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকা সত্ত্বেও ক্ষুদ্র ও মাঝারি শিল্প মোট দেশজ উৎপাদনের অন্তত ২৫ শতাংশ অবদান রাখছে বলে মনে করা যায়।খলিলী আরও বলেন, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ উদ্ধারে সফলতা রয়েছে। এই অধিবেশনে আরও দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ব্যাংকার মামুন রশীদ ও ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশিদ। এর আগে সকালে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, সেন্টার ফল পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, উলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস আর ওসমানী প্রমুখ। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।