পুকুর ও জলাশয় ভাড়া নিয়ে পাট পচাতে হচ্ছে চাষিদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদীতে এবার পাঁচগুণ বেশি ফলন হলেও পাট পচানো তথা জাগ দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছে কৃষকেরা। টানা খরা ও অনাবৃষ্টির কারণে নিজস্ব পুকুর-নালায় প্রয়োজনীয় পরিমাণে পানি না থাকায় তাদের এই দুর্গতি।সরেজমিনে ঈশ্বরদী উপজেলার কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, পাট পচানোর জন্য ঈশ্বরদীতে এখন পুকুর ও জলাশয় ভাড়া দেওয়ার ব্যবসা চলছে। পাট চাষিদের এখন প্রতি বিঘা জমির পাট পানিতে জাগ (পচন) দিতে এক হাজার টাকা করে পুকুর বা জলাশয় ভাড়া দিতে হচ্ছে। আবার যেসব কৃষক পাট পচন দিতে পারেনি বা পারছে না তারা প্রতি বিঘা জমির কাঁচা পাট সাড়ে তিন থেকে চার হাজার টাকা করে বিক্রি করতে বাধ্য হচ্ছে।ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের কৃষক শামসুল আলম প্রথম আলোকে জানান, তিনি এবার সাত বিঘা জমিতে পাট চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। কিন্তু পাট জাগ দেওয়া নিয়ে তিনি সমস্যায় পড়েন। এ অবস্থায় তিনি বিঘাপ্রতি এক হাজার টাকা করে সাত হাজার টাকার বিনিময়ে ওই গ্রামেরই রফিকুল ইসলামের পুকুরে এসব পাট জাগ দিতে বাধ্য হন।মুলাডুলি ইউনিয়নের মোকারমপুর গ্রামের আলম প্রামাণিক জানান, বাড়ির আশপাশে কোথাও পানি না থাকায় তিনি পার্শ্ববর্তী গ্রামের রমজান আলীর পুকুরে ১০ বিঘা জমির পাট জাগ দেন সাত হাজার টাকার বিনিময়ে।খোঁজ নিয়ে জানা যায়, ঈশ্বরদীতে শামসুল আলম ও আলম প্রামাণিকের মতো শত শত কৃষক বাধ্য হয়ে এখন রফিকুল ইসলাম ও রমজান আলীর মতো সুযোগ-সন্ধানীদের কাছ থেকে পুকুর বা জলাশয় ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছেন।তবে এলাকায় পুকুর ও জলাশয়ের সংখ্যা কম হওয়ায় কোনো কোনো কৃষক ভাড়াতেও পাট জাগ দিতে পারছে না। জগন্নাথপুর গ্রামের তোফাজ্জল হোসেন পাট চাষি জানান, জাগ দিতে না পারায় তিনি বিঘাপ্রতি সাড়ে তিন হাজার টাকা দরে ছয় বিঘা জমির কাঁচা পাট বিক্রি করেছেন।ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর ঈশ্বরদীতে ৩০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল। যা এবার বেড়ে এক হাজার ৫০০ হেক্টরে উন্নীত হয়। অর্থাৎ ঈশ্বরদীতে এবার পাটের আবাদ পাঁচগুণ বেড়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, চলতি মৌসুমে ঈশ্বরদী উপজেলার দুই হাজার ১০০ কৃষককে পাট পচানোর জন্য রিবন রেটিং মেশিন দেওয়া হয়। কিন্তু তাঁরা নানা কারণে রিবন রেটিং পদ্ধতি ব্যবহার করতে পারছেন না। সে জন্য তাঁরা অন্যের পুকুর বা জলাশয় ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছেন।