পুনঃ অর্থায়ন ও বিদেশি বিনিয়োগে সূচক ও লেনদেন বৃদ্ধি

সার্বিকভাবে সূচক ও লেনদেনে চাঙাভাবের মধ্য দিয়ে আরেকটি সপ্তাহ পার করল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মোট লেনদেন হওয়া চার কর্মদিবসের মধ্যে তিন দিনই বাজার ছিল ঊর্ধ্বমুখী। আর এক দিন ছিল নিম্নমুখী।
আলোচ্য সপ্তাহে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেশি ছিল। সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়লেও পরবর্তী সময়ে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও সরকারের পুনঃ অর্থায়নের প্রথম কিস্তির টাকা ছাড়ের খবরে বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ করা যায়। বদৌলতে লেনদেন ও সূচক বৃদ্ধি পায়।
আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে প্রাধান্য ছিল জ্বালানি, বিদ্যুৎ ও প্রকৌশল খাতের। সপ্তাহজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল প্রায় ২৫ শতাংশ, আর প্রকৌশল খাতে ছিল সাড়ে ১১ শতাংশ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৪৯ কোটি টাকায়, যা আগের সপ্তাহের চেয়ে ১৭ দশমিক ১৪ শতাংশ বেশি। আগের সপ্তাহে এই বাজারে লেনদেন হয়েছিল দুই হাজার ৬০২ কোটি টাকার।
গত সপ্তাহে সূচকও বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে প্রায় ৩ শতাংশ বা ১২১ পয়েন্ট বেড়েছে। সপ্তাহের শুরুতে ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৪১৪৯ পয়েন্টে, সপ্তাহ শেষে যা দাঁড়িয়েছে চার হাজার ২৭০ পয়েন্টে। একই সময়ে ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়েছে ১১৬ পয়েন্ট। এটি সপ্তাহের শুরুতে ছিল চার হাজার ৪২২ পয়েন্ট, সপ্তাহ শেষে দাঁড়ায় চার হাজার ৫৪২ পয়েন্টে।
গেল সপ্তাহে ডিএসইতে মোট ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ২২৬টির, কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে আটটির।