পুনঃ অর্থায়ন তহবিলের অর্থ ছাড়ে ত্রিপক্ষীয় চুক্তি
শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ সুবিধা কার্যকর করতে সরকার অনুমোদিত পুনঃ অর্থায়ন তহবিলের অর্থ ছাড়ের বিষয়ে গত বৃহস্পতিবার ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, তহবিল তদারকি সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও তহবিল ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির ফলে আগামী সপ্তাহের শুরুতে ৯০০ কোটি টাকার তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। গত বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এই তহবিলের আওতায় ৯ শতাংশ সুদে ঋণসুবিধা পাবেন।