পুনঃ অর্থায়ন তহবিলের খবরে দুই বাজারের লেনদেনে গতি সঞ্চার
টানা ১২ কার্যদিবস পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। বিএনপি আহূত হরতালের প্রথম দিনে গতকাল বুধবার ঢাকার বাজারে প্রায় ২১০ কোটি টাকার লেনদেন হয়। এর আগে সর্বশেষ গত ১৮ এপ্রিল ঢাকার বাজারে ২০৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৪ কোটি টাকার লেনদেন হয়েছে। সিএসইিতেও ১২ কার্যদিবস পর এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ ১৮ এপ্রিল চট্টগ্রামের বাজারে ২৪ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল।
এদিকে লেনদেনের পরিমাণ বাড়লেও দুই বাজারে দিন শেষে সূচক কমেছে। যদিও সূচকের ঊর্ধ্বগতি দিয়েই লেনদেন শুরু হয়েছিল। আজ বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে রায় ঘোষণার খবর প্রকাশের পর সূচক কমতে শুরু করে।
তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ঢাকার বাজারে বুধবার খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র খাত। এদিন এ খাতের ২৮ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৯ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশ। এর পরের অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। এ খাতের ১৯ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৩ শতাংশ।
গত দুই দিনে হঠাৎ করে দেশের শেয়ারবাজারে লেনদেন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত মঙ্গলবার লেনদেনের পরিমাণ হঠাৎ করে আগের দিনের চেয়ে ৮০ কোটি টাকা বেড়ে ১৮৮ কোটি টাকায় উন্নীত হয়। গতকাল সেটি আরও ২২ কোটি টাকা বেড়ে ২১০ কোটি টাকা হয়েছে।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সরকার ঘোষিত প্রণোদনার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ-সুবিধা বাস্তবায়নে একটি বিশেষ পুনঃ অর্থায়ন তহবিল গঠনের বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই খবর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।
মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে স্বল্প সুদে বিশেষ একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠনের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছিল।
তবে পুনঃ অর্থায়ন তহবিল গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকার আবাসিক গ্রাহকদের জন্য নতুন করে গ্যাস-সংযোগ চালুর সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোবাংলার এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। গতকাল এই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
নতুন গ্যাস-সংযোগ প্রদানের সরকারি সিদ্ধান্তের খবরটি তিতাসের শেয়ারের লেনদেনের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মত দেন মার্চেন্ট ব্যাংকার মোহাম্মদ মনিরুজ্জামান।