পুনঃ অর্থায়ন তহবিলের তদারক কমিটি গঠন
শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ-সুবিধা বাস্তবায়নে সরকারের দেওয়া ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল তদারক কমিটি চূড়ান্ত হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মহাব্যবস্থাপক নাসিরউদ্দিন আহমেদ। তিনজনের এই কমিটি গতকাল সোমবার প্রথম দফা বৈঠকও করেছে।
তবে প্রথম বৈঠকে কমিটিতে নতুন দুজন সদস্যকে যুক্ত করা হয়েছে। তাঁরা হলেন বিএসইসির পরিচালক জাহাঙ্গীর আলম ও আইসিবির উপমহাব্যবস্থাপক তারেক নিজামউদ্দিন আহমেদ। কমিটির আহ্বায়ক জানান, কমিটির কার্যপরিধির আওতায় আইসিবিকে শিগগিরই একটি ঋণ মঞ্জুরি কমিটি গঠনের কথা বলা হয়েছে। এ ছাড়া ঋণদাতা ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো যাতে তহবিলের ঋণসুবিধা পায় এবং বিনিয়োগকারীদের সুদ মওকুফ-সুবিধা কার্যকর করে, সে জন্য শিগগিরই ব্যাপকভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
গত ২৬ আগস্ট সরকার অনুমোদিত পুনঃ অর্থায়ন তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। ওই দিন বাংলাদেশ ব্যাংক তহবিল ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান আইসিবির অনুকূলে এই অর্থ ছাড় করেছে।
জানা গেছে, ৯০০ কোটি টাকার তহবিলের বাকি ৬০০ কোটি টাকা পরবর্তী সময়ে সমান দুই কিস্তিতে ছাড় করা হবে। এর আগে ২২ আগস্ট অর্থ ছাড়ের বিষয়ে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও আইসিবির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।