পুনঃ অর্থায়ন তহবিলে আবেদনের সময় বাড়ল
শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ সুবিধা দিতে গঠিত ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলের ঋণ আবেদনের
সময় আবারও বাড়ানো হয়েছে৷
চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এই তহবিল থেকে সহায়তা নিতে আবেদন করতে পারবেন৷ এর আগে তহবিল তদারকি কমিটি ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় বেঁধে দিয়েছিল৷ কিন্তু এই সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় এই সময়সীমা আরও দুই মাস বাড়ানো হলো৷
তদারকি কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন৷
জানা গেছে, এখন পর্যন্ত ১৯ মার্চেন্ট ব্যাংক ও ২০টি ব্রোকারেজ হাউস মিলে ১৪ হাজার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর জন্য ঋণ সহায়তার আবেদন করেছে৷
এদের মধ্য থেকে ইতিমধ্যে প্রায় তিন হাজার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর বিপরীতে ৮৫ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে৷
তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা এরই মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক৷