পুনঃ অর্থায়নের কিস্তি ছাড়ের আগে নীতিমালা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল। শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের জন্য পুনঃ অর্থায়নে ৯০০ কোটি টাকা তহবিলের অর্থ ছাড় হতে যাচ্ছে, এমন খবরে ইতিবাচক প্রভাব ছিল বাজারে।দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৭০ পয়েন্টে। সাধারণ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৪২ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৩৭ পয়েন্টে। সূচকের পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনও বেড়েছে।এদিকে পুনঃ অর্থায়নের অর্থের প্রথম কিস্তি ছাড়ের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে চিঠি আদান-প্রদান হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বিকেলে অর্থ মন্ত্রণালয় থেকে আমি এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে এখন তহবিলের অর্থ বুঝে নেওয়ার বিষয়ে বলা হয়েছে। কিন্তু যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের জন্য এই অর্থ দেওয়া হচ্ছে, তাই অর্থ বুঝে নেওয়ার আগে আমরা একটি নীতিমালা তৈরি করতে চাই। আগামী সপ্তাহে এই নীতিমালা তৈরির পদক্ষেপ নেওয়া হবে। নীতিমালা তৈরির পরই ওই অর্থ আমরা বুঝে নেব।’ফায়েকুজ্জামান আরও বলেন, এই প্রথম শেয়ারবাজারের জন্য সরকার তার নিজস্ব তহবিল থেকে অর্থ জোগান দিচ্ছে। যেহেতু জনগণের অর্থ থেকে তহবিলটি সংস্থান করা হচ্ছে, তাই এটির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এরই মধ্যে তহবিলের বিষয়টি সরকার নিশ্চিত করেছে। এখন এটি বুঝে নেওয়া আনুষ্ঠানিকতা মাত্র।প্রথম কিস্তির অর্থ ছাড়ের খবরে লেনদেনের শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। প্রথম ৩০ মিনিটে সূচক প্রায় ৪০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বৃদ্ধির গতি কিছুটা শ্লথ হলেও দিন শেষে তা ঊর্ধ্বমুখী ছিল।ডিএসইতে এদিন ২৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৭টিরই দাম বেড়েছে, কমেছে ৬২টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৯১৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১০৮ কোটি টাকা বেশি। গত ১৯ জুনের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।চট্টগ্রামের বাজারে এদিন ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫০টিরই দাম বেড়েছে, কমেছে ৫২টির আর অপরিবর্তিত ছিল ১৬টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি।