শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির সম্পদের অধিক মূল্যায়ন ও আর্থিক প্রতিবেদনের নানা অসংগতিসহ অনিয়মের নানা ঘটনা উদ্ঘাটনে পুনঃ তদন্তে নামছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একই সঙ্গে কমিশন অতীতে রাইট ও প্রেফারেন্স শেয়ার ইস্যুর ক্ষেত্রে অনৈতিক কিছু ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখবে। এ জন্য আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার কমিশন সভায় এসব তদন্ত কমিটি গঠন করা হয়। এসইসির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও বুধবার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করা হয়নি। কিন্তু কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গতকাল রোববার এসব কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, পুঁজিবাজার ধসের পর কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে কমিশন এসব ঘটনা পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদনে আট কোম্পানির সম্পদ অধিক মূল্যায়ন ও ১৭টি কোম্পানির আর্থিক প্রতিবেদনসহ অভ্যন্তরীণ নানা অনিয়মের কেস স্টাডি তুলে ধরা হয়। সেসব কেস স্টাডির ভিত্তিতে এসইসির তদন্ত দল অনিয়ম বা আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট ঘটনা অনুসন্ধান করবে বলে জানা গেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্পদ মূল্যায়নে অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা অনুসন্ধান করবে পাঁচ সদস্যের হিসাব নিরীক্ষকের সমন্বয়ে গঠিত তদন্ত দল। পাঁচজন হিসাব নিরীক্ষকের সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হলেও কারা কারা এই কমিটিতে থাকবেন, তা গতকাল পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে তালিকাভুক্ত যেসব কোম্পানির সম্পদ অধিক মূল্যায়নের ঘটনা বা কেস তুলে ধরা হয়েছিল সেগুলো হলো: লিব্রা ইনফিউশনস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, রহিম টেক্সটাইল, বিডি থাই অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ওশান কনটেইনার্স, শাইনপুকুর সিরামিকস ও ইস্টার্ন ইনস্যুরেন্স। তদন্ত প্রতিবেদনে দেখানো হয়েছে, সম্পদের অধিক মূল্যায়নের কারণে এসব কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি সর্বনিম্ন ১০৪ শতাংশ থেকে প্রায় সাড়ে তিন হাজার শতাংশ পর্যন্ত বেড়েছে। এ কারণে পুঁজিবাজার তদন্ত কমিটি পাঁচ সদস্যের চার্টার্ড অ্যাকাউন্টেসের একটি কমিটি দিয়ে সম্পদের অধিক মূল্যায়নের ঘটনা পুনঃনিরীক্ষার সুপারিশ করে। সেই সঙ্গে সম্পদ অধিক মূল্যায়নের ক্ষেত্রে কোনো ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট কোম্পানি, সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা ভ্যালুয়ার ও ইস্যু ম্যানেজারের বিরুদ্ধে শাস্তির সুপারিশও করা হয়। এ ছাড়া ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদনে ১৭টি কোম্পানির কেস স্টাডি তুলে ধরা হয়েছিল, যেখানে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের অসংগতি, অনিয়মের মাধ্যমে পরিচালকদের বিশেষ সুবিধা প্রদানসহ নানা অসংগতি তুলে ধরা হয়। যেসব কোম্পানির কেস স্টাডি দেওয়া হয়েছিল সেগুলো হলো: বিডি থাই, খুলনা পাওয়ার, জিএমজি এয়ারলাইনস, চিটাগাং ভেজিটেবল, বিচ হ্যাচারি, বিডি ওয়েল্ডিং, সিএমসি কামাল, মেঘনা সিমেন্ট, মালেক স্পিনিং, অ্যাক্টটিভ ফাইন, মবিল যমুনা লুব্রিকেন্টস, বারাকাতউল্লাহ ইলেকট্রো ডায়ানামিকস, সালভো কেমিক্যাল, ইউনাইটেড এয়ার, বীকন ফার্মা, এম আই সিমেন্ট এবং ফু-ওয়াং সিরামিকস। এসব কেস স্টাডির ভিত্তিতে কোম্পানিগুলোর অনিয়ম পুনঃ তদন্তে এসইসির পরিচালক রেজাউল করিম ও প্রদীপ কুমার বসাকের সমন্বয়ে দুই সদস্যের কমিটি গঠন করা হয়। এ ছাড়া রাইট ও প্রেফারেন্স শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয়েছে কি না, তা পুনঃ তদন্তে এসইসির পরিচালক মাহবুবুল আলম ও আবুল কালামের সমন্বয়ে অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।