তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে ১৬ হাজার কোটি টাকা বা প্রায় ৪ শতাংশ খেলাপি ঋণ পুনঃ তফসিল হয়েছে। বাংলাদেশ ব্যাংক রাজনৈতিক অস্থিরতার কারণে যে নমনীয় নীতির সুযোগ দিয়েছিল, ব্যাংকার ও পুরোনো-নতুন খেলাপিরা মিলে সে সুযোগে এসব ঋণ পুনঃ তফসিল করেছে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স বৈঠকে পুনঃ তফসিল করা এসব ঋণ তদারকি ও নির্ধারিত সময়ের মধ্যে আদায়ের বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছেন।
বৈঠকে দেওয়া লিখিত বক্তব্যে গভর্নর বলেন, ‘নীতি-নমনীয়তার আলোকে যেসব ঋণ পুনঃ তফসিল করা হয়েছে, সেসব ঋণের পরিশোধসূচি অনুযায়ী আদায় নিশ্চিত করতে হবে। প্রয়োজনে এসব ঋণ আদায়ে আপনারা নিজ নিজ ব্যাংকে রিকভারি বা আদায় ইউনিট গঠন করবেন।’
গভর্নর আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল কাজ করছে এবং বহিঃনিরীক্ষকেরাও তাঁদের নিরীক্ষার কাজ করছেন। ব্যালেন্স-শিট নিরীক্ষার কাজ চূড়ান্ত হলে খেলাপি ঋণের হারে কিছু তারতম্য হতে পারে। শ্রেণীকৃত ঋণ কমার পেছনে অন্যতম কারণ হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের নীতি-নমনীয়তার আওতায় ব্যাংকগুলোর কিছু ঋণ পুনঃ তফসিল করা।
গভর্নর আরও বলেন, এসব পুনঃ তফসিল করা ঋণের ক্ষেত্রে আদায় ছাড়া আরোপিত ও অনারোপিত সুদ যাতে আয় খাতে না নেওয়া হয়, তা নিশ্চিত করতে এর আগে পরামর্শ দেওয়া হয়েছিল। এর কোনো ব্যত্যয় ঘটলে তা কঠোরভাবে দেখা হবে।
ব্যাংকার্স বৈঠকে ডেপুটি গভর্নর আবুল কাশেম, আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানাসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ নির্বাহী ও দেশি-বিদেশি ব্যাংকগুলোর এমডিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতি-নমনীয়তায় ব্যাংক খাতে স্বস্তি দেখা দিয়েছে। তবে যেসব খেলাপি ঋণ এ সময়ে পুনঃ তফসিল করা হয়েছে, সেগুলো আদায়ে ব্যাংকগুলোকে জোর দিতে হবে। বাংলাদেশ ব্যাংকও এগুলো পর্যবেক্ষণ করবে।
বৈঠকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সংশোধিত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে মোট মূলধনের ২৫ শতাংশের মধ্যে ধারাবাহিকভাবে নামিয়ে আনার পরামর্শ দেওয়া হয়। বিনিয়োগ সীমায় নামিয়ে আনার সুযোগ রয়েছে ২০১৬ সালের জুন পর্যন্ত।
সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্যাংকগুলোকে বলা হয়েছে, তারা যদি এখন থেকে পুঁজিবাজারে বিনিয়োগ সীমার মধ্যে
আস্তে আস্তে নামিয়ে আনে, তাতে বাজারে হঠাৎ করে কোনো প্রতিক্রিয়া হবে না।
বৈঠকে ব্যাংকগুলোকে আগামী দুই মাসের মধ্যে ২০১৩ সালের আর্থিক বিবরণী দিতে বলা হয়েছে। যদি কোনো ব্যাংক এ সময়ের মধ্যে তা জমা দিতে ব্যর্থ হয়, তবে প্রত্যেককে পৃথক বিবেচনাতে সময় বাড়ানো হতে পারে।