পুনঃঅর্থায়ন তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড়
শেয়ারবাজারে ধসের কারণে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ-সুবিধা কার্যকর করতে সরকার অনুমোদিত পুনঃঅর্থায়ন তহবিলের প্রথম কিস্তির অর্থ ছাড় করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গতকাল সোমবার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে এই অর্থ ছাড় করা হয়। আইসিবি ও বাংলাদেশ ব্যাংক সূত্র অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছে।জানা গেছে, ৯০০ কোটি টাকার তহবিলের মধ্যে প্রথম কিস্তিতে ৩০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) হিসাবে এই অর্থ জমা হয়েছে। তহবিলের বাকি ৬০০ কোটি টাকা পরবর্তী সময়ে সমান দুই কিস্তিতে ছাড় করা হবে।এর আগে গত বৃহস্পতিবার অর্থ ছাড়ের বিষয়ে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, তহবিল তদারকি সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও তহবিল ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে এই চুক্তি হয়।অর্থ মন্ত্রণালয় গত মঙ্গলবার পুনঃঅর্থায়ন তহবিলের নীতিমালা অনুমোদন করে। সেই নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এই তহবিলের আওতায় ৯ শতাংশ সুদে ঋণ-সুবিধা পাবেন। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো ঘোষিত প্রণোদনার আওতায় এই সুবিধা প্রদান করবে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো তহবিল থেকে ৭ শতাংশ সুদে ঋণ-সুবিধা পাবে।