পুনঃরপ্তানিমুখী শিল্পে বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা গতকাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও জাপানি শিল্পগোষ্ঠী তোপ্পান গ্রুপের আলোচনা সভায় বক্তব্য দেন
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা গতকাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও জাপানি শিল্পগোষ্ঠী তোপ্পান গ্রুপের আলোচনা সভায় বক্তব্য দেন

বাংলাদেশের প্যাকেজিংসহ পুনঃরপ্তানিমুখী উৎপাদন শিল্পে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে অনায়াসে কাজে লাগাতে পারেন জাপানের শিল্পোদ্যোক্তারা।
ঢাকা সফররত জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে এমন আহ্বান জানান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। গতকাল বুধবার বিকেলে প্রতিনিধিদলটির সঙ্গে মেট্রো চেম্বারের মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে জাপানের তোপ্পান গ্রুপের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। গতকাল মেট্রো চেম্বারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে সফরকারী দলটির নেতৃত্ব দেন মাসাহিরো দয়ো।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, মেট্রো চেম্বারের মহাসচিব ফারুক আহমেদ, চেম্বার সদস্য তারেক মোহাম্মদ আলী, শওকত হায়দার প্রমুখ।
মতবিনিময়কালে নাসিম মঞ্জুর আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগ-সংক্রান্ত যেসব আইনকানুন ও বিধিবিধান রয়েছে, সেগুলো খুবই বিদেশি বিনিয়োগবান্ধব। বিদ্যমান আইন অনুযায়ী, বিদেশি যেকোনো প্রতিষ্ঠান শতভাগ নিজস্ব মালিকানায় এ দেশে সম্ভাবনাময় শিল্পে বিনিয়োগ করতে পারে। এ ছাড়া যৌথ বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে।
প্রতিনিধিদলের প্রধান মাসাহিরো দয়ো এ সময় তোপ্পান গ্রুপের ব্যবসার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ঊনবিংশ শতাব্দীতে স্থাপিত এ প্রতিষ্ঠানটির যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। সিকিউরিটি প্রিন্টিং এটির মূল ও আদি ব্যবসা হলেও বর্তমানে কোম্পানিটি ব্যবসার পরিধি নানা খাতে বিস্তৃত করেছে। কোম্পানিটির মূলধন ১০০ কোটি মার্কিন ডলার ও বার্ষিক বিক্রির পরিমাণ প্রায় ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।
নাসিম মঞ্জুর বলেন, বর্তমান সময়ে জাপান তাদের উৎপাদনমুখী বিভিন্ন শিল্প বিশ্বের নানা দেশে সরিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ জাপানি শিল্পোদ্যোক্তাদের প্রথম পছন্দের জায়গা হতে পারে।
জাপানের রাষ্ট্রদূত বলেন, ওষুধ খাতে বাংলাদেশ ক্রমেই উন্নতি করছে। এ খাত ও খাত সংশ্লিষ্ট শিল্পেও বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।