পুনরায় গম রপ্তানি করতে পারে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় বছর তিনেক পর ভারত ফের গম রপ্তানি করতে পারে। এ বছর রেকর্ড পরিমাণ গম উত্পাদন হওয়ার পরিপ্রেক্ষিতে রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিলেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ার।ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক কৃষি মেলায় গত বৃহস্পতিবার শারদ পাওয়ার বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন দ্য এমপাওয়ার্ড গ্রুপ অব মিনিস্টারস (ইজিওএম) আগামী ১০ দিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শারদ পাওয়ার বলেন, ভারতের গুদামে এখন অতিরিক্ত গম রয়েছে। এ ছাড়া এবার যে পরিমাণ গম উত্পাদিত হয়েছে তা খুবই উত্সাহব্যঞ্জক। সে জন্য কেন্দ্রীয় সরকার পুনরায় গম রপ্তানির অনুমতি দিতে পারে। দেশে গম উত্পাদন কমে যাওয়ার পরিস্থিতিতে ২০০৭ সালের প্রথম দিকে ভারতের কেন্দ্রীয় সরকার গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। জানা গেছে, এবার বিনাশুল্কে গম রপ্তানির অনুমতি দেওয়া হতে পারে।প্রসঙ্গত, এখন ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের অধীনে খাদ্যগুদামগুলোতে ২০৬ দশমিক ২৩ লাখ টন গম এবং ২৫৬ দশমিক ৫৮ লাখ টন চাল মজুদ রয়েছে।