ব্রাজিল সরকার আর্থিক খাতে নানা পুনরুদ্ধার প্যাকেজ নেওয়া সত্ত্বেও দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ শতাংশের চেয়েও কম হয়েছে।২০১২ সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এ অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ৯ শতাংশ। এটি হচ্ছে ২০০৯ সাল পরবর্তী গত তিন বছরের মধ্যে ব্রাজিলে সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির রেকর্ড। ওই বছরে অবশ্য আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট ও মন্দার কারণে দক্ষিণ আমেরিকান দেশটির অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছিল।ব্রাজিল ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইবিজিই) শুক্রবার জানায়, ২০১২ সালের শেষ প্রান্তিকে দেশের অর্থনীতিতে আগের প্রান্তিকের চেয়ে শূন্য দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়। খবর এএফপির।গত বছরের শুরুতে ব্রাজিল বার্ষিক সাড়ে ৪ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে দফায় দফায় তা কাটছাঁট করা হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বিশ্লেষকেরাও ধারণা করেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ১ শতাংশের কিছু কম বা সামান্য বেশি।২০১০ সালে দেশটির অর্থনীতিতে প্রবৃদ্ধি হয় সাড়ে ৭ শতাংশ, যা পরের বছরেই তা অর্ধেকেরও বেশি কমে ২ দশমিক ৭ শতাংশে নেমে আসে। সেই প্রবণতায়ই ২০১২ সালে আরও খারাপ হয়ে যায় প্রবৃদ্ধি।