পুনর্গঠন করা ঋণও পুনঃ তফসিল হবে!
পুনর্গঠন সুবিধা নিয়েও ঋণ পরিশোধ করছেন না বেশির ভাগ ব্যবসায়ী। ফলে এসব ঋণ নতুন করে খেলাপি হয়ে পড়েছে। এখন এসব ঋণে নতুন করে পুনঃ তফসিল সুবিধা দিতে চায় বাংলাদেশ ব্যাংক। গত রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তা উত্থাপন করা হয়। পর্ষদ সদস্যরা তা আরও পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সভায় অনুমোদনের জন্য উত্থাপন করতে বলেছেন।
জানা গেছে, পুনর্গঠিত ঋণে নতুন করে পুনঃ তফসিলের সুযোগ দিতে নীতিমালা সংশোধনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায় থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুনর্গঠন নীতিমালা পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হওয়ায় তা সংশোধনের জন্যও পর্ষদের অনুমতি নিতে হবে। এ জন্য গত রোববারের সভায় তা উত্থাপন করা হয়। পরবর্তী সভায় অনুমোদনের পরই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।
জানা যায়, রাজনৈতিক অস্থিরতার অজুহাতে ২০১৫ সালে ১০ শিল্প গ্রুপের প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ পুনর্গঠন করা হয়। এর মধ্যে ৫ গ্রুপই ইতিমধ্যে খেলাপি হয়ে পড়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে পুনর্গঠন হলেও এসব ঋণের প্রথম কিস্তি পরিশোধ শুরু হয়েছে গত বছরের ডিসেম্বরে। প্রতি ত্রৈমাসিকে এক কিস্তি হওয়ায় ইতিমধ্যে সবার তিন কিস্তি পরিশোধের সময় শেষ হয়েছে। যাঁরা তিন কিস্তি পরিশোধে ব্যর্থ হয়েছেন, তাঁরা সবাই নতুন করে খেলাপি হয়ে পড়েছেন। এখন ব্যাংকগুলো নতুন করে এসব ঋণ পুনঃ তফসিল করতে চায়।
ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, নিয়মিত কিস্তি পরিশোধ না করার তালিকায় রয়েছে বেক্সিমকো গ্রুপ, নারায়ণগঞ্জের এম আর গ্রুপ, চট্টগ্রামভিত্তিক এস এ গ্রুপ, রতনপুর গ্রুপ ও কেয়া গ্রুপ।