পুনর্নিয়োগ পেলেন তিন ডেপুটি গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা ও আবু হেনা মোহা. রাজী হাসান
এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা ও আবু হেনা মোহা. রাজী হাসান

বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের (ডিজি) মেয়াদ বেড়েছে। তাঁরা হলেন এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা ও আবু হেনা মোহা. রাজী হাসান। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রোববার এক প্রজ্ঞাপন দিয়ে এ কথা জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ১০(৪) নম্বর ধারা অনুযায়ী চাকরিতে যোগ দেওয়ার তারিখ থেকে ৬২ বছর বয়স পর্যন্ত তাঁরা ডেপুটি গভর্নর থাকবেন।
সে অনুযায়ী রাজী হাসানের মেয়াদ বেড়েছে ২ বছর ৭ মাস অর্থাৎ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এস কে সুর চৌধুরীর মেয়াদ বেড়েছে দুই বছর অর্থাৎ ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। আর নাজনীন সুলতানার মেয়াদ বেড়েছে ৫ মাস ৭ দিন বা চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের এই তিন ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে গত ২২ জানুয়ারি।
নতুন করে কাউকে ডিজি নিয়োগ দিতে হলে তিন মাস সময় লাগে এবং এ জন্য সার্চ কমিটি করতে হয় বলে ১ ফেব্রুয়ারি সাংবাদিকদের জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর সে কারণে অনেকেই ডিজি হওয়ার যোগ্য থাকলেও সে পথে যেতে পারছেন না বলেও আভাস দেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ ব্যাংকের আরেক ডিজি আবুল কাসেমও গত আগস্টে দ্বিতীয় দফা পুনর্নিয়োগ পান।