ট্যানারি সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমাবেশ
পুনর্বাসন না করা পর্যন্ত ট্যানারির নাট-বল্টু খুলতে দেওয়া হবে না
সাভারের হেমায়েতপুরের চামড়াশিল্প নগরীতে হাজারীবাগের ট্যানারি শ্রমিকদের পুনর্বাসন করা না পর্যন্ত হাজারীবাগের একটি ট্যানারিরও নাট-বল্টু খুলতে দেওয়া হবে না। এমন হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে শ্রমিকসহ ট্যানারি সংশ্লিষ্ট সংগঠনগুলোর জন্য হেমায়তপুরে জমি বরাদ্দ চেয়েছে চামড়াশিল্প সমন্বয় কমিটির নেতারা।
রাজধানীর হাজারীবাগের ঢাকা ট্যানারি মোড়ে আজ শনিবার সমন্বয় কমিটির আয়োজিত এক সমাবেশের এই দাবি জানান হয়। এতে সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস।
সাংসদ শেখ ফজলে নূর তাপস সমন্বয় কমিটির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, সাভারের চামড়াশিল্প নগরীতে অনেকে ট্যানারি মালিক জমি পেয়েও ব্যবহার করছেন না। জমি বিক্রির পাঁয়তারা করছেন। কিন্তু জমি বিক্রি করতে দেওয়া হবে না। ওই জমিগুলো ট্যানারি সংশ্লিষ্ট সংগঠনগুলোকে বরাদ্দ দিতে শিল্প মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
সাংসদ শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আপনাদের দাবির বিষয়টি স্মারকলিপি আকারে আমি প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। তিনি শিল্পমন্ত্রী আমীর হোসেনকে শ্রমিকদের জন্য আবাসনের প্রয়োজনে একটি আলাদা প্রকল্প নেওয়ার কথা বলেছেন।’ তিনি বলেন, হাজারীবাগের চামড়া আসা বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হবে না।
এ জন্য আগামী মাসে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বৈঠক করে একটি সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার আহ্বান জানান সাংসদ। তিনি বলেন, ‘কোরবানির এক মাসের মধ্যে সাভারে না গেলে আমরাই সব ট্যানারি বন্ধ করে দেব। তবে শ্রমিকসহ সবাইকে নিয়েই একসঙ্গে যেতে চাই আমরা।’
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, অঙ্গপ্রত্যঙ্গ ছাড়া মানুষ পরিপূর্ণ হয় না। তেমনি শ্রমিক ও সহযোগী সংগঠনের পুনর্বাসন ছাড়া চামড়াশিল্প নগরী পরিকল্পিত হবে না। তিনি বলেন, ‘পুনর্বাসন না হওয়া পর্যন্ত একটি ট্যানারির নাট-বল্টু খুলতে দেব না। আমরা চাই, সবাইকে নিয়েই দ্রুত সময়ের মধ্যে হাজারীবাগের ট্যানারি সাভারে স্থানান্তরিত হোক।’
আবুল কালাম আজাদ বলেন, হেমায়েতপুরের চামড়াশিল্প নগরীতে চারটি সংগঠনের নামে ২ লাখ ৪০ হাজার বর্গফুট জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সরকারের আমলা ও ট্যানারি মালিকদের যোগসাজশে সেটি বাতিল হয়ে যায়। এ ছাড়া শ্রমিকদের আবাসনের একটি প্রস্তাব থাকলেও সেটি রহস্যজনক কারণে বাতিল হয়। তিনি বলেন, ‘শ্রমিকদের বাদ দিয়ে হেমায়েতপুরে কীভাবে পরিবেশবান্ধব ট্যানারিশিল্প হবে সেটি আমাদের বোধগম্য নয়।’
সমন্বয় কমিটির এই আহ্বায়ক বলেন, আগামী এক মাসের মধ্যে সরকার ও ট্যানারি মালিকেরা মিলে হাজারীবাগের শ্রমিকদের জন্য আবাসন, হাসপাতাল ও বিদ্যালয় এবং কেমিক্যাল, ঠেলাগাড়িসহ বিভিন্ন সংগঠনের জন্য জমির ব্যবস্থা না করেন তবে সংবাদ সম্মেলন করে অবস্থান ধর্মঘটের কর্মসূচি দেওয়া হবে। তিনি সাভারের চামড়াশিল্প নগরী প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কার্যালয় ঘেরাও করার কথা বলেন।
সমন্বয় কমিটির দাবির বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ একাত্মতা প্রকাশ করেন।
দশটি সংগঠন নিয়ে সমন্বয় কমিটি গঠিত হয়েছে। এগুলো হচ্ছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন, লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমবায় সমিতি, বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স কো-অপারেটিভ সোসাইটি, লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি, বাংলাদেশ কেমিক্যাল ইম্পোটার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চামড়া রপ্তানিকারক সমিতি, স্পিলিট চামড়া ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি, ট্যানারি প্রকৌশল সমবায় সমিতি ও ঠেলাগাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতি।