পুনর্বিনিয়োগই এখন বড় ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নতুন বিদেশি বিনিয়োগ আশঙ্কাজনকভাবে কমে গেছে। ২০১৪ সালে নতুন বিদেশি বিনিয়োগ আগের বছরের চেয়ে কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। ২০১৩ সালে নতুন মূলধন হিসেবে বিদেশি বিনিয়োগ এসেছিল ৫৪ কোটি মার্কিন ডলারেরও বেশি। ২০১৪ সালে সেটি নেমে এসেছে ২৮ কোটি ডলারে।
নতুন বিনিয়োগের পাশাপাশি ২০১৪ সালে কমেছে প্রকৃত বিদেশি বিনিয়োগও। গত বছরের চেয়ে তা প্রায় ৫ শতাংশ কমে হয়েছে ১৫৩ কোটি ডলারে। নতুন বিনিয়োগে চরম খরা। তবে সার্বিক বিদেশি বিনিয়োগ একটি পর্যায়ে আছে মূলত বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর পুনর্বিনিয়োগের ঊর্ধ্বমুখী ধারায়।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনবিষয়ক সংস্থা আঙ্কটাডের সর্বশেষ ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১৫’ ও বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
পুনর্বিনিয়োগই ভরসা: বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে দেশে নতুন বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র ২৮ কোটি ডলার। অথচ এর আগের তিন বছরে এটি ধারাবাহিকভাবে বাড়ছিল। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত নতুন বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল যথাক্রমে ৪৩, ৫০ ও ৫৪ কোটি ডলার। কিন্তু নতুন বিনিয়োগ বৃদ্ধির এ ঊর্ধ্বগতি গত বছর এসে ধাক্কা খেয়েছে। এ জন্য গবেষকেরা দেশের রাজনৈতিক পরিস্থিতিকেই দুষছেন।
জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, নতুন বিনিয়োগ না আসার অর্থ হলো, আমরা বিনিয়োগকারীর পরিধিটা (বেইজড) বাড়াতে পারছি না। তাই পুরোনোদের ওপরই ভরসা। পুনর্বিনিয়োগের দরকার আছে কিন্তু নতুন বিনিয়োগ বাড়াতে না পারলে প্রত্যাশিত বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে।
গত বছর পুনর্বিনিয়োগ খাত থেকে বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় ৯৯ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ২৯ কোটি ডলার বেশি। ২০১৩ সালে সালে পুনর্বিনিয়োগ খাত থেকে বিদেশি বিনিয়োগ এসেছিল প্রায় ৭০ কোটি ডলার। এর আগে ২০১০, ২০১১ ও ২০১২ সালে এর পরিমাণ ছিল যথাক্রমে ৩৬, ৪৯ ও ৫৯ কোটি ডলার।
ইপিজেডের বাইরে বিনিয়োগে আগ্রহ কম: বিনিয়োগ-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বাইরে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহে বেশ ভাটা পড়েছে। ইপিজেডে বিদেশি বিনিয়োগ বাড়লেও কমেছে ইপিজেডের বাইরে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর ইপিজেডের বাইরের বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে তা ১৩ কোটি মার্কিন ডলার কম। অথচ ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইপিজেডের বাইরে বিদেশি বিনিয়োগ ধারাবাহিকভাবে বেড়েছে।
২০১০ সালে ইপিজেডের বাইরে প্রকৃত বিদেশি বিনিয়োগ ছিল ৭৯ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। ২০১১ সালে সেটি বেড়ে দাঁড়ায় ৯১ কোটি ডলারে। ২০১২ ও ২০১৩ সালে এর পরিমাণ ছিল যথাক্রমে ১০৪ ও ১২৫ কোটি ডলার।
এদিকে ইপিজেডে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত ছিল গত বছরও। ২০১৪ সালে দেশের ইপিজেডগুলোতে ৪০ কোটি মার্কিন ডলারের বেশি বিদেশি বিনিয়োগ এসেছে। ২০১৩ সালে যার পরিমাণ ছিল ৩৫ কোটি ডলার।
বর্তমানে দেশে আটটি ইপিজেড রয়েছে। এগুলো বেশ সংরক্ষিত এলাকা। যার কারণে রাজনৈতিক অস্থিরতার প্রভাব এসব অঞ্চলে খুব কমই পড়ে। রাজনৈতিক অস্থিরতার সময়ে এসব অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তাসহ উৎপাদন ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে ফরেন ইনভেস্টরস চেম্বারের সভাপতি রূপালী চৌধুরী বলেন, ইপিজেডের বাইরে যেসব বিদেশি বিনিয়োগ আসে, সেগুলো আসে মূলত অভ্যন্তরীণ বাজারের চাহিদা সামনে রেখে। হয়তো বাজারকে বিনিয়োগের জন্য যথাযথ মনে করছে বিনিয়োগকারীরা। এ ছাড়া আরও কয়েকটি কারণে ইপিজেডের বাইরে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে। সেগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতা ও অবকাঠামোসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব। ইপিজেডের মতো সুযোগ-সুবিধা ও নিরাপত্তার পরিবেশ ইপিজেডের বাইরে নেই।
প্রতিযোগীদের চেয়ে পিছিয়ে: রপ্তানি বাণিজ্যে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারত এসব প্রতিযোগী দেশের তুলনায় বিদেশি বিনিয়োগে অনেক পিছিয়ে বাংলাদেশ। এমনকি প্রতিবেশি ভারত–পাকিস্তানেরও পেছনে।
আঙ্কটাডের হিসাবে, ভিয়েতনামে ২০১৪ সালে প্রকৃত বিদেশি বিনিয়োগ গেছে ৯২০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ৩০ কোটি ডলার বেশি। ইন্দোনেশিয়ায় গত বছর বিদেশি বিনিয়োগ হয়েছে ২ হাজার ২৫৮ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৩৭৬ কোটি ডলার বেশি। আর ভারতে গত বছর বিদেশি বিনিয়োগ আগের বছরের চেয়ে ৬২২ কোটি ডলার বা ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪২ কোটি ডলারে। পাকিস্তানে বিদেশি বিনিয়োগ আগের বছরের চেয়ে ৪২ কোটি ডলার বা ৩১ শতাংশ বেড়ে হয়েছে ১৭৫ কোটি ডলার।