পুরস্কার পেলেন ১৪ ক্ষুদ্র উদ্যোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্প পুঁজি নিয়ে নিজ নিজ ক্ষেত্রে ব্যবসা সফল হওয়ায় ১৪জন ক্ষুদ্র উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়েছে। আজ রোববার রাজধানীতে হোটেল সোনারগাঁ এক অনুষ্ঠানে মধ্য দিয়ে তাঁদের হাতে এ পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর পক্ষ থেকে সাতটি ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়া ১৪জন হলেন কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ক্যাটাগরিতে নূরজাহান এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মীর আলামিন; কৃষি উপকরণ ও কৃষি প্রযুক্তি ক্যাটাগরিতে রনি অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী জিএম নূর ইসলাম, মেসার্স আবদুল হাকিম মন্ডলের স্বত্বাধিকারী আবদুল হাকিম মন্ডল, সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলস-এর চেয়ারম্যান সাইদুর রহমান, মেসার্স রেজাউল হাসানের স্বত্বাধিকারী মো. রেজাউল হাসান; হস্তশিল্প ক্যাটাগরিতে রঙ হ্যান্ডিক্রাফটের স্বত্বাধিকারী তনুজা রহমান, সানন্দা বুটিক হাউসের স্বত্বাধিকারী লিপি সাহা ও প্রভাতি বুটিক অ্যান্ড ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী পারভীন আক্তার; মৎস্য ও পানি সম্পদ ক্যাটাগরিতে সবুজ মৎস্য খামারের স্বত্বাধিকারী ফসিয়ার রহমান, মেসার্স জান্নাতনেত্রী মা ফাতিমা ফিস হ্যাচারির স্বত্বাধিকারী মোস্তফা খান ফিরোজ ও ড্রিম অ্যাগ্রোর স্বত্বাধিকারী বেলাল আহমদ ইমরান; হালকা প্রকৌশল শিল্প ক্যাটাগরিতে মেসার্স রিপন মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম; হালকা রাসায়নিক শিল্প ক্যাটাগরিতে মেরিন কেমিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী শাহেদুল ইসলাম এবং নার্সারি উন্নয়ন ক্যাটাগরিতে বাগানবাড়ি নার্সারির স্বত্বাধিকারী আকবর হোসেন কিসমত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, তাঁরা (পুরস্কারপ্রাপ্ত) স্বল্প পুঁজি দিয়ে ভালো ব্যবসা করছে। সফল ব্যবসায়ীর সম্মান পাওয়ায় তাঁরা ভবিষ্যতে আরও ভালো করতে উৎ​সাহিত হবে।

অনুষ্ঠানে অন্যদের ম​ধ্যে উপস্থিত ছিলেন আইবিএফবি’র সভাপতি হাফিজুর রহমান খান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিবুল্লাহ প্রমুখ।