মালয়েশিয়া এয়ারলাইনসের দক্ষিণ এশীয় সেরা এজেন্ট পুরস্কারের মধ্যে বাংলাদেশের ১০টি প্রতিষ্ঠানও পুরস্কার পেয়েছে। মালয়েশিয়ার পেনাংয়ে জমকালো এক অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয় গত ২৮ সেপ্টেম্বর। এই অনুষ্ঠানে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সেরা এজেন্টদেরও পুরস্কার দেওয়া হয়।পেনাংয়ের পর্যটন শহর জর্জটাউনের অভিজাত জি হোটেলে সন্ধ্যায় শুরু হয় অনুষ্ঠান। এতে যোগ দেন মালয়েশিয়া এয়ারলাইনসের দক্ষিণ এশিয়ার সেরা এজেন্ট পুরস্কার ২০০৯-এর জন্য নির্বাচিত ট্রাভেল এজেন্সিগুলোর কর্মকর্তা, অতিথি, গণ্যমান্য ব্যক্তিরাসহ ওই বিমান সংস্থার কর্মকর্তারা। নাচের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শেষ হয় পুরস্কার বিতরণের মাধ্যমে। মাঝে ছিল গেম শো, বক্তৃতা পর্ব, ব্যান্ড সংগীত, নৈশভোজ।আয়োজকেরা জানান, জর্জটাউনে এ আয়োজনের উদ্দেশ্য সমুদ্রসৈকত, পাহাড়ঘেরা পেনাংয়ের পর্যটনশিল্পের আরও উন্নতি ও বিকাশ ঘটানো। প্রাকৃতিক সৌন্দর্য ও খাবারের জন্য প্রসিদ্ধ পেনাংয়ের প্রতি দক্ষিণ এশিয়ার ভ্রমণপিপাসু মানুষকে আকৃষ্ট করাও এই আয়োজনের লক্ষ্য।অনুষ্ঠানে বক্তব্যেও উঠে এল পেনাংয়ের বর্ণনা, এখানে পর্যটনশিল্পের বিকাশের সম্ভাবনার কথা। মালয়েশিয়া এয়ারলাইনসের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক আজাহার হামিদ বলেন, পূর্ব-পশ্চিমের চমৎকার সমন্বয় ঘটেছে পেনাংয়ে। এখানে আধুনিকতার পাশাপাশি আছে অতীত ঐতিহ্যকে ধরে রাখার প্রচেষ্টা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, প্রসিদ্ধ খাবার এখানে টেনে আনে পর্যটকদের। গত বছর এখানে এসেছিল তিন লাখ পর্যটক।আজাহার হামিদ বলেন, পেনাং দক্ষিণ এশিয়ার আরও বেশিসংখ্যক পর্যটক চায়। এই লক্ষ্য সামনে রেখে মালয়েশিয়া এয়ারলাইনস ভবিষ্যতের জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে। মালয়েশিয়ার উপপর্যটনমন্ত্রী দাতো জেমস দাওয়াস মামিত বলেন, জর্জটাউনকে গত বছর ইউনেসকো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান ঘোষণা করেছে। এটি বহু জাতি ও বহু সংস্কৃতির এক শহর। এখানে ভারতীয় ও বাংলাদেশি বংশোদ্ভূত মানুষও আছে। সত্যিকার অর্থেই মালয়েশিয়া সত্যিকারের এশিয়া।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পেনাং ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা ইয়ং ব্রমাক।নৈশভোজের পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেরা এজেন্টদের হাতে পুরস্কার তুলে দেন আজাহার হামিদ। এবার বাংলাদেশের যে ১০টি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে সেগুলো হলো: হাজি এয়ার ট্রাভেল, ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেল, এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লিমিটেড, গোল্ড এয়ার এন্টারপ্রাইজ, ট্রাভেল কেয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, সাইমন ওভারসিজ লিমিটেড, ওভারসিজ লিঙ্ক, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, হরাইজন এয়ার এক্সপ্রেস লিমিটেড ও ভিক্টরি ট্রাভেলস। প্রতিষ্ঠানগুলোর পক্ষে পুরস্কার নেন যথাক্রমে নির্মল চন্দ্র বৈরাগী, এফ আর করিম কাজল, এইচ বি এম শোয়েভ রহমান, ইউসুফ আলী, মতিউর রহমান, মুহাম্মদ ওয়াজিরুল আলম, ফজলুল ওয়াহাব মামুন, মো. ফাইজুল ইসলাম, কায়সার এইচ আফ্রাদ ও কুমার দেবাশীষ পাল।এ ছাড়া ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই; পাকিস্তানের করাচি ও শ্রীলঙ্কার কলম্বোর সেরা এজেন্টদের পুরস্কার দেওয়া হয়।