ঢাকা হচ্ছে দেশের মধ্যে আরেকটি দেশ। ঢাকা যদি দেশের একটি পা হয়, মফস্বল হচ্ছে আরেকটি পা। এই দুই পায়ে দাঁড়িয়েই উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার কথা ভাবতে হবে। আর এ জন্য ঢাকার সঙ্গে একদিকে দেশের সব অঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ করতে হবে, অন্যদিকে পুরান ঢাকার অর্থনীতি নিয়ে চিন্তা করতে হবে নতুন করে।
রাজধানীর মতিঝিলে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ঢাকার অর্থনৈতিক ভবিষ্যৎ: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে এমন অভিমত উঠে আসে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
সংলাপে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান এবং বিশ্বব্যাংক দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রমা। ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান এতে স্বাগত বক্তব্য দেন এবং সহসভাপতি কামরুল ইসলাম ধন্যবাদ বক্তব্য দেন। সংলাপ সঞ্চালনাও করেন হোসেন জিল্লুর রহমান।
হোসেন জিল্লুর রহমান বলেন, ঢাকার অর্থনীতির অন্যতম এলাকা পুরান ঢাকা। কিন্তু বরাবরই তা নীতিনির্ধারকদের মনোযোগের বাইরে থেকে গেছে। এটা নিয়ে চিন্তা করতে হবে। অন্যদিকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাইলে ঢাকার পাশাপাশি মফস্বলের পুনর্জাগরণ ছাড়া সম্ভব নয়।
শুধু পোশাক খাতের ওপর নির্ভরশীল থাকা ঢাকার অর্থনীতির ভবিষ্যৎ হতে পারে না বলেও মনে করেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দেশের অন্যতম প্রবৃদ্ধির চালক ঢাকা। কিন্তু সিউল, ব্যাংককের সঙ্গে তুলনা করলে এই ঢাকা পিছিয়ে আছে। ঢাকার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে জরিপ করার তাগিদ দেন তিনি।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রমা বলেন, বিশ্বে দ্রুত বিকাশমান শহরগুলোর অন্যতম ঢাকা। কিন্তু এই শহরের অবকাঠামো ও সেবা খাতের পরিকল্পিত উন্নয়ন হচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতা ও অনেক সংস্থার অংশীদারত্ব এ জন্য দায়ী। মার্টিন রমা মনে করেন, ঢাকা শহরের বিপুল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, কাজে লাগানোর জন্য দরকার সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও সে অনুযায়ী বাস্তবায়ন।
ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান ঢাকার বিকেন্দ্রীকরণের প্রতি জোর দিয়ে ঢাকা-চট্টগ্রাম করিডর ও আধুনিক পরিবহনব্যবস্থাকে সমাধান হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, যানজটের কারণে বছরে ২০ থেকে ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হয়।
মুক্ত আলোচনা পর্বে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ঢাকার প্রাতিষ্ঠানিক অর্থনীতির চেয়ে অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিই বড়। অথচ অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের জন্য ভাবা হচ্ছে না। আদমজী, বাওয়ানীতে বসবাস, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা ছিল জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘এগুলো থেকেও শিক্ষা নিচ্ছি না আমরা।’
ঢাকার অর্থনৈতিক সম্ভাবনা বিষয়ে সমন্বিত গবেষণার দরকার উল্লেখ করে নজরুল ইসলাম তিন লাখ হকারকে জায়গা করে দেওয়ার পক্ষে মত দেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, শান্তিতে থাকতে চাইলে গরিবকেও শান্তিতে থাকতে দিতে হবে। নইলে এত অর্থ ও বৈভব কারও নিরাপত্তা দেবে না। চকবাজারের রোগীকে কেন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করাতে যেতে হবে, চকবাজারেই কেন চিকিৎসার ব্যবস্থা থাকবে না—প্রশ্ন জাফরুল্লাহ চৌধুরীর।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নূরুল আমিন বলেন, সিটি করপোরেশনগুলো হয়ে গেছে ঢাল নেই, তলোয়ার নেই-এর মতো।
সরকারি সেবাদানকারী সংস্থাগুলোর গাফিলতির কারণে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে জানান এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আবদুল হক।
ডিসিসিআই সদস্য নিয়ামতউল্লাহ মজুমদার বলেন, কর আদায়ে সরকার মনোযোগী, উদাসীন ব্যবসা সহজীকরণে। বাঁচিয়ে না রাখলে ব্যবসায়ী কোত্থেকে কর দেবেন? সরকারি দপ্তরে ঠিক জায়গায় ঠিক লোকটি নেই দাবি করে নিয়ামতউল্লাহ মজুমদার প্রশ্ন করেন, ‘বাংলায় পাস করা লোককে পরমাণু শক্তি কমিশনে বসিয়ে দিলে কি কাজ হবে?’