পুরান ঢাকার দুই বাজারে মাছের ক্রেতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানের শুরুর দিকে মাছের বাজারে যে উত্তাপ ছিল তা কমে এসেছে। রাজধানীর বাজারগুলোতে মাছের সরবরাহ এখন স্বাভাবিক। আর ক্রেতার সংখ্যা কম হওয়ায় দামও কিছুটা কমেছে। ব্যতিক্রম অবশ্য ইলিশ ও চিংড়ির। এ দুটি মাছের দাম এখনো চড়া। পুরান ঢাকার রায়সাহেব বাজার ও নয়াবাজারে গতকাল শনিবার ঘুরে এই তথ্য পাওয়া যায়। একাধিক মাছবিক্রেতা জানান, রমজান মাসে মাছের চাহিদা কিছুটা কমে যায়। তবে এবার মাছের সরবরাহ ভালো। আবার অন্য সময়ের চেয়ে বাজারে ক্রেতা কম থাকায় মাছের দাম একটু কমের দিকে।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রায়সাহেব বাজারে গিয়ে দেখা যায়, মাছের বাজার প্রায় ক্রেতাশূন্য। কোনো ক্রেতা মাছের দর জিজ্ঞেস করলেই বিক্রেতারা তাঁকে ছাড়তে চাননি। মাছ বিক্রি করতে পারলেই যেন বাঁচেন। আর তাই হাঁকা দরের চেয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমে বিক্রি করছেন তাঁরা। দুপুর সোয়া ১২টার দিকে নয়াবাজারে গিয়েও একই চিত্র দেখা গেছে। তবে পুরান ঢাকার এই দুই বাজারে পাঙাশ ছাড়া কোনো মাছের কেজি দেড় শ টাকার নিচে মেলেনি। বাজার দুটিতে প্রতি কেজি পাঙাশ ১২০, কই ১৮০ থেকে ২০০, রুই ২০০ থেকে ২২০, বোয়াল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। তবে ইলিশ ও চিংড়ি মাছের দাম বরাবরের মতোই বেশি। মাঝারি আকারের প্রতিটি ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকায় এবং ছোট চিংড়ি প্রতি কেজি ৪৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে। রায়সাহেব ও নয়াবাজার—দুই বাজারেই সবজি ও মাংসের দাম কমায় ক্রেতাদের স্বস্তি ফিরেছে। এ ছাড়া মুরগির ডিমের দাম গত সপ্তাহের চেয়ে হালিতে কমেছে তিন থেকে চার টাকা। ফার্মের ডিমের হালি ৩০ থেকে ৩২, দেশি মুরগির ডিম ৩৫ এবং হাঁসের ডিম ৩৬ টাকায় বিক্রি করতে দেখা গেছে। দুই বাজারেই গরু ও খাসির মাংস যথাক্রমে ২৭৫ ও ৪৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লারের মুরগি রায়সাহেব বাজারে ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হলেও নয়াবাজারে বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকায়। আর দেশি মুরগির দাম কেজিপ্রতি ২৭০ টাকা।বাজারে এখন পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৬৬০ থেকে ৬৭৫ টাকা এবং এক লিটারের তেল ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে চিনি ৫৩ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতা তাজুল ইসলাম বলেন, সয়াবিন ও চিনির সরবরাহ স্বাভাবিক আছে। তাই দাম কমে এসেছে বলে জানান তিনি।