পুরান ঢাকায় হালখাতার আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ ১৪১৯ বাংলা নববর্ষের ‘হালখাতা’। তাই পুরোনো হিসাব চুকিয়ে ফেলার ধুম পড়েছে পুরান ঢাকার তাঁতীবাজার ও শাঁখারীবাজারের স্বর্ণের দোকান, শ্যামবাজারের আড়ত এবং ইসলামপুরের কাপড়ের দোকানে।চৈত্র মাসের শুরু থেকেই ব্যবসায়ীরা তাঁদের নিয়মিত ক্রেতাদের নিমন্ত্রণ জানানোর কাজ শুরু করেছেন। এ জন্য ব্যবসায়ীরা নিমন্ত্রণ কার্ড ছাপিয়েছেন। গত দু-তিন ধরে চলছে ধোয়ামোছার কাজ। আজ শুক্রবার থেকে শুরু হবে সাজসজ্জা।ব্যবসায়ীরা জানিয়েছেন, পুরান ঢাকার ‘হালখাতা’ উৎসব মূলত হিন্দু সম্প্রদায়ের মধ্যেই বেশি উদ্যাপিত হয়। সাধারণত পঞ্জিকার তারিখ অনুযায়ী পয়লা বৈশাখের দিন হালখাতা করা হয়। তবে এবার সরকারি ক্যালেন্ডার ও পঞ্জিকা—উভয়েই একই তারিখ, অর্থাৎ ১৪ এপ্রিলই পয়লা বৈশাখ। তাই কাল শনিবার সকালে দোকানগুলো ফুলে ফুলে সাজানো হবে। বাদ্যবাজনা থাকবে। আমন্ত্রিত অতিথিদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হবে। অনেক প্রতিষ্ঠান আবার উপহারসামগ্রী দিয়ে থাকে।গতকাল বৃহস্পতিবার শাঁখারীবাজারে গিয়ে দেখা যায়, অনেক ব্যবসায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। অনেকে আবার সাজসজ্জার কাজেও হাত লাগিয়েছেন। মনিহারি দ্রব্য বিক্রেতা দত্ত ভান্ডারের নীলকান্ত দত্ত বলেন, ‘বেচাবিক্রি ভালোই হয়েছে।’তবে তাঁতীবাজারের একাধিক স্বর্ণ ব্যবসায়ী জানান, কয়েক বছর ধরে স্বর্ণের লাগামছাড়া দামের কারণে ব্যবসায় মন্দা অবস্থা চলছে। তাই হালখাতা উৎসবে আগের মতো জৌলুস নেই। অনেকেই মূলত নিয়ম রক্ষার জন্য হালখাতা করছেন।এদিকে, নববর্ষের কার্ড বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন বাংলাবাজারের ব্যবসায়ীরা। আজাদ প্রোডাক্টসের শফিকুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত প্রায় ২০ হাজার পিস নববর্ষের কার্ড বিক্রি করেছেন। তবে গতবার এ সংখ্যা প্রায় ৫০ হাজার হয়েছিল।