পুরুষের রাজ্যে নারীর অধিষ্ঠান

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকাণ্ড যেন পুরুষদেরই রাজত্ব। এখানে নারীদের উপস্থিতি কিছুদিন আগেও খুব কম ছিল। নব্বইয়ের দশকের পর থেকে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে কখনো কখনো নারীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০০৬ সালে স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শামসাদ আখতার। তিনি দুই বছর এই দায়িত্ব পালন করেছিলেন। তিনি শুধু পাকিস্তানেই নয়, দক্ষিণ এশিয়ায় প্রথম কেন্দ্রীয় ব্যাংকের প্রধান।
তবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের শতবর্ষের ইতিহাসে এবার প্রথম একজন নারী কর্ণধারের দায়িত্ব নিতে যাচ্ছেন। তাঁর নাম জেনেট ইয়েলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী প্রধান হিসেবে ৬৭ বছর বয়সী জেনেট ইয়েলেনকে মনোনীত করেছেন। এখন তা সিনেটের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। বর্তমানে তিনি ফেডারেল রিজার্ভের ভাইস চেয়ারম্যান।
অর্থনীতিতে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী জেনেট লন্ডন স্কুল অব ইকোনমিকসে অধ্যাপনা করেছেন। স্বামী জর্জ অ্যাকারলফ ২০০১ সালে নোবেলজয়ী অর্থনীতিবিদ।
জেনেট ২০১০ সালে ফেডারেল রিজার্ভের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। অবশ্য ১৯৯৪ সালেই তিনি ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নরসের অন্যতম সদস্য নিযুক্ত হয়েছিলেন। ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত সানফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
বর্তমান ফেড চেয়ারম্যান বেন বার্নানকের মেয়াদ আগামী বছর ৩১ জানুয়ারি শেষ হতে যাচ্ছে। তিনি ২০০৬ সালে অ্যালান গ্রিনস্প্যানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। ২০১০ সালে দ্বিতীয় মেয়াদের জন্য নিয়োগ পান।
জেনেট ইয়েলেন এমন একটি সময়ে দায়িত্বভার নিতে যাচ্ছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রধান দুই রাজনৈতিক দলের মতবিরোধে অভ্যন্তরীণ রাজস্ব ও ঋণ-সংকটের মধ্যে পড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নারী—এমন নজীর বিশ্বে খুব একটা নেই। বিশেষ করে পশ্চিমা উন্নত দেশগুলোতে তো নয়ই।
বর্তমানে বিশ্বে ১৫টি দেশে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নারী রয়েছেন। দেশগুলোর বেশির ভাগই বিশ্ব অর্থনীতিতে তেমন গুরুত্বপূর্ণ নয়।
তবে অগ্রসর উন্নয়নশীল দেশগুলোয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নারীর নিয়োগকে ইতিবাচক হিসেবেই দেখা হয়। আর বিশ্ব অর্থনীতিতে এই দেশগুলো ্রক্রমেই গুরুত্বপূর্ণ স্থান করে নিচ্ছে।
দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংক সাউথ আফ্রিকান রিজার্ভ ব্যাংকের গভর্নর গিল মারকুস ২০০৯ সালে গভর্নরের দায়িত্ব পেয়েছেন। তার আগে ১৯৯৯ সালে ডেপুটি গভর্নর হয়েছিলেন।
আবার এ বছর জুন মাসেই রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন এলভিরা নাবিউললিনা। শিল্পোন্নত আট দেশের জোট ‘জি-৮’ দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে তিনি প্রথম নারী গভর্নর।
২০১০ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নিযুক্ত হন মারসেদেস মার্কো দেল পোঁ। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে প্রশিক্ষিত এই অর্থনীতিবিদ কেন্দ্রীয় ব্যাংককে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য কাজ করানোর পক্ষে।
ব্যাংক নেগারা মালয়েশিয়া বা মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেব ২০০০ সাল থেকে দায়িত্ব পালন করছেন জেতি আখতার আজিজ। ১৯৯৭ এশিয়ার আর্থিক সংকটের সময় তিনি মালয়েশিয়ার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কাজে নেতৃত্ব দেন। এর পরই তিনি ডেপুটি গভর্নর হন।
তবে ১৯৯৯ সাল থেকে নারী গভর্নর রয়েছেন বতসোয়ানার কেন্দ্রীয় ব্যাংকের যার নাম লিনহা মোহোহলো। বাহামার ওয়েন্ডি ক্রেইগ দায়িত্ব পালন করছেন ২০০৫ সাল থেকে। ২০১০ সালে হন্ডুরাসে মারিয়া এলেন এবং ২০১১ সালে কিরগিজস্তানে জিনা আসানকোজোয়েভা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হয়েছেন।
এ ছাড়া সামোয়আ, সাঁও তোমে, সার্বিয়া, টাঙ্গো, বেলারুশ, লেসোথো, সিশেলস, অরুবা ও সোমালিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা। সূত্র: ফাইনান্সিয়াল টাইমস।